ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি বিশ্বে ইস্পাত উৎপাদনে শীর্ষস্থানীয় হলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ধাতবপণ্যের উৎপাদন ১২ শতাংশ কমেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মোট উৎপাদন ছিল ১ কোটি ৭১ লাখ টন। সম্প্রতি জার্মান স্টিল অ্যাসোসিয়েশনের দেওয়া প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।
অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, অর্থনৈতিক দুর্বলতা এবং বিপুল পরিমাণ আমদানির চাপ রফতানি কমে যাওয়ার প্রধান কারণ। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক কারস্টিন মারিয়া রিপেল জানান, “এ পরিস্থিতি ২০০৯ সালের আর্থিক সংকটের সময়ের মতোই উদ্বেগজনক।”
মারিয়া রিপেল বলেন, “নির্মাণ, যন্ত্র প্রকৌশল ও গাড়ি শিল্পে অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় ইস্পাত খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি আমাদের শিল্প খাতের জন্য সংকটের সময়।” তিনি আরও যোগ করেন, “এই সমস্যা কাটিয়ে উঠতে চ্যান্সেলর, উপ-চ্যান্সেলর ও ফেডারেল কাউন্সিলের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের একটি স্টিল সামিটের প্রয়োজন।” অতিরিক্ত জ্বালানি খরচও জার্মানির ইস্পাত শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় বড় বাধা সৃষ্টি করছে। পুরো খাতে অনিশ্চয়তা এখন বিরাজ করছে বলে প্রতিবেদনটি জানিয়েছে।

