সাদা পোশাকের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াই—আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী ২০২৭ আসরের ফাইনাল আয়োজনের জন্য ভারত বেশ আশাবাদী ছিল। দেশের মাটিতে এই মর্যাদার ফাইনাল আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই। সেই লক্ষ্যে তারা আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই স্বপ্নে এবার জল ঢেলে দিল আইসিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত কার্য নির্বাহী কমিটির সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডেই।
এটি কেবল ভারত নয়, বিশ্ব ক্রিকেটের অনেক দর্শক-সমর্থকদের কাছেও বিস্ময়ের কারণ। কারণ টানা তিনবারের মতো একই দেশে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন নিঃসন্দেহে বৈচিত্র্যহীনতা সৃষ্টি করছে।
এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল ইংল্যান্ডের সাউদাম্পটনে, রোজ বোল স্টেডিয়ামে। এরপর ২০২৩ ও ২০২৫ সালের ফাইনাল অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লর্ডসে। এবার নিশ্চিত হলো, আগামী তিনটি আসরও হবে ইংল্যান্ডের কোনো এক মাঠে—যদিও ইসিবি এখনো নির্দিষ্ট ভেন্যু ঘোষণা করেনি।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, আগের ফাইনালগুলো সফলভাবে আয়োজন করার কারণে ইংল্যান্ডের ওপর তাদের আস্থা তৈরি হয়েছে। তাই ভবিষ্যতের ফাইনাল আয়োজনের দায়িত্বও তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, এ সিদ্ধান্তে হতাশ ভারতের ক্রিকেট বোর্ড। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তারা কোনো মন্তব্য করেনি, তবে বোর্ডের অভ্যন্তরে চাপা ক্ষোভের সুর স্পষ্ট। দেশটির সমর্থকরাও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন—কেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট বাজার এই ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে না, সেই প্রশ্ন তুলছেন অনেকেই।
এখন দেখার বিষয়, ভবিষ্যতে আইসিসি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনে কিনা, নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুধুই ইংল্যান্ড নির্ভর হয়ে ওঠে।

