যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই বিকল্প বাজার খুঁজতে শুরু করেছে ইউরোপের অলিভ অয়েল রফতানিকারকরা। ইতোমধ্যে রপ্তানি বাড়াতে নয়া উদ্যোগ নিচ্ছে গ্রিসসহ বিভিন্ন দেশ। সম্প্রতি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গ্রিসের ব্যবসায়ী কনস্তান্তিনোস পাপাদোপোলোস জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের ১৫ হাজার বোতল অলিভ অয়েল ব্রাজিলের ইতাপোয়া বন্দরে পৌঁছাবে। পাশাপাশি অস্ট্রেলিয়াতেও একটি বড় রফতানি চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানান তিনি। পাপাদোপোলোস বলেন, ‘একক বাজারের ওপর নির্ভরশীল থাকা উচিত নয়। সবসময় বিকল্প প্রস্তুতি রাখতে হবে।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে অলিভ অয়েল রফতানিতে গ্রিসের অবস্থান পঞ্চম। দেশটির অন্যতম প্রধান কৃষি খাত হচ্ছে জলপাই চাষ। প্রতিবছর যুক্তরাষ্ট্রে ৮ থেকে ১০ হাজার টন অলিভ অয়েল সরবরাহ করে গ্রিস। এই বাজারে স্পেন, ইতালি ও পর্তুগালও একই ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।
২০২৪ সালে পাপাদোপোলোস পরিবারের কোম্পানি যুক্তরাষ্ট্রে ৩৫০ টন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রফতানি করেছে, যা কোম্পানিটির মোট রফতানির এক-তৃতীয়াংশ। চলতি বছরে এখন পর্যন্ত ১০০ টন রফতানি সম্পন্ন হয়েছে। তবে ট্রাম্পের শুল্ক কার্যকর হলে চলতি বছরে যুক্তরাষ্ট্রে রফতানি অন্তত ৪০ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পাপাদোপোলোস।

