আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি ও আর্নস্ট অ্যান্ড ইয়ং পরিচালিত অ্যাসেট কোয়ালিটি রিভিউ বলছে, বাংলাদেশের ছয়টি শরিয়াহভিত্তিক ব্যাংক ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। অনাদায়ী ঋণ (এনপিএল) তাদের ঘোষিত তথ্যের চেয়ে প্রায় চারগুণ বেশি।
এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় গত জানুয়ারিতে শুরু হওয়া এ পর্যালোচনায় উঠে এসেছে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক বহু বছর ধরে আর্থিক অনিয়মে জড়িত। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে দীর্ঘদিন বিভ্রান্তিকর তথ্য দিয়ে এসেছে।
২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণে দেখা গেছে, ছয়টি ব্যাংকের সম্মিলিত অনাদায়ী ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৫৯৫ কোটি টাকা। অথচ বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা ৩৫ হাজার ৪৪ কোটি টাকা। তিনটি ব্যাংকের তথ্য বিভ্রাট ছিল সবচেয়ে প্রকট।
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জানিয়েছিল তাদের এনপিএল হার ২১.৪৮ শতাংশ, কিন্তু একিউআরে তা ৯৬.৩৭ শতাংশ ধরা পড়ে।
- ইউনিয়ন ব্যাংক জানিয়েছিল ৪৪ শতাংশ, কিন্তু পাওয়া গেছে ৯৭.৮০ শতাংশ।
- গ্লোবাল ইসলামী ব্যাংক বলেছিল ২৭ শতাংশ, বাস্তবে তা ৯৫ শতাংশ।
অডিটে আরও দেখা গেছে, এই ছয় ব্যাংকের সম্মিলিত সঞ্চিতি ঘাটতি (প্রভিশন) দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৭২ কোটি টাকায়, যা আর্থিক কাঠামোর জন্য মারাত্মক হুমকি। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, এই সংকটের প্রেক্ষিতে ২০২৫ সালে প্রণীত ‘ব্যাংক রেজ্যুলেশন অর্ডিন্যান্স’-এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক ছয়টি ব্যাংকের মধ্যে পাঁচটি একীভূত করার পরিকল্পনা নিয়েছে। তবে আইসিবি ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগ থাকায় সেটিকে আপাতত মার্জারের বাইরে রাখা হয়েছে।
একিউআর অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাংকগুলোর আমানত ছিল ১ লাখ ৬০ হাজার ৩০ কোটি টাকা। বিপরীতে তারা বিনিয়োগ বা ঋণ দিয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৩৭ কোটি টাকা—যা ব্যাংকগুলোর ব্যালান্স শিটে বড় চাপের ইঙ্গিত দেয়। বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘পূর্ববর্তী সরকার আমলে এই ব্যাংকগুলো বছরজুড়ে কেন্দ্রীয় ব্যাংকে মনগড়া ও ভুয়া তথ্য দিত।’
ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, ‘একিউআর ছিল প্রয়োজনীয় পদক্ষেপ। এতে বোঝা যাবে ব্যাংকগুলো নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা, নাকি সরকারকে পুঁজি সহায়তা দিয়ে পরে বেসরকারি খাতে হস্তান্তর করতে হবে।’ তিনি ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শক্তিশালী তদারকি ব্যবস্থার ওপর জোর দেন। ফরেনসিক অডিটের দায়িত্বে ছিল দুই প্রতিষ্ঠান:
- কেপিএমজি: ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক
- আর্নস্ট অ্যান্ড ইয়ং: এক্সিম, সোশ্যাল ইসলামী ও আইসিবি ইসলামী ব্যাংক
আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে একীভূতকরণের উদ্যোগ নেয়। এর মধ্যে চারটি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী—সাবেক ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ গ্রুপ এস আলমের মালিকানাধীন। চলতি জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ শুরু হলেও এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক আপত্তি জানিয়েছে, এতে প্রক্রিয়াটি ধীর হয়ে পড়েছে।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন বলেন, ‘আমাদের আর্থিক ভিত্তি তুলনামূলকভাবে শক্তিশালী। মার্জারের ঘোষণায় আমানতকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’ সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক বলেন, ‘ব্যাংকটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরে দাঁড়াতে পারবে। তাই একীভূতকরণ প্রক্রিয়া থেকে আমাদের বাদ রাখা উচিত।’

