কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে খোলাবাজারে (ওএমএস) আলু বিক্রির উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিষয়টি নিয়ে সক্রিয় চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এবার কিন্তু কৃষক আলুর দাম পাচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে ওএমএসের মাধ্যমে আলু দেওয়া যায় এবং কৃষক ন্যায্য মূল্য পায়।” তিনি আরও বলেন, “কৃষক যদি তার পণ্যের ন্যায্য দাম না পায়, তাহলে ভবিষ্যতে ওই ফসল উৎপাদন থেকে সরে যেতে পারে। এটা দেশের জন্য ভালো নয়। তাই প্রয়োজন কৃষককে সঠিক দাম নিশ্চিত করা।”
পেঁয়াজের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, “গতবারের তুলনায় এবার কৃষক বেশি পেঁয়াজ উৎপাদন করেছে। এ কারণে আমদানি ছাড়াও বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে।” সরকারি আমলে কৃষি যন্ত্রপাতি কেনায় অনিয়ম হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সংশ্লিষ্ট তথ্য ও উপাত্ত দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া হয়েছে। তারা বিষয়টি তদন্ত করবে।”

