মারকেন্টাইল ব্যাংক পিএলসি চলতি বছরের প্রথম ছয় মাসে ৮ শতাংশ নিট মুনাফা হারিয়েছে। বেড়ে যাওয়া অপ্রাপ্তি আদায়ের ঋণ এবং প্রভিশন ঘাটতির চাপেই এমন পতন হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
বৃহস্পতিবার প্রকাশিত ও পরিচালনা পর্ষদে অনুমোদিত ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি-জুন সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৮২ পয়সা, যা গত বছরের একই সময় ছিল ১ টাকা ৯৮ পয়সা। ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকের শেয়ারপ্রতি আয় আরও কমে দাঁড়ায় ৯৮ পয়সায়, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২২ শতাংশ কম। চলতি বছরের জুন শেষে মারকেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ১১ পয়সা। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির শেয়ারদর ১ দশমিক ২০ শতাংশ কমে দাঁড়ায় ৮ টাকা ২০ পয়সায়।
এর আগে জুন মাসে ব্যাংকটি ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা না করার সিদ্ধান্ত নেয়। কারণ, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সময়ের হিসাবে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়ায় ১ হাজার ৭০০ কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে দেখা গেছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের প্রভিশনের ঘাটতি ছিল ২ হাজার ১২১ কোটি ১৯ লাখ টাকা। অথচ ব্যাংকটি সংরক্ষণ করেছিল মাত্র ২২০ কোটি ৩৩ লাখ টাকা। এতে প্রকৃত ঘাটতি দাঁড়ায় ১ হাজার ৯০০ কোটি ৮৬ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের ২২ মে’র এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের প্রি-প্রভিশন মুনাফা থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ দেয় ব্যাংকটি। তাতে ঘাটতি কিছুটা কমে দাঁড়ায় ১ হাজার ৭০০ কোটি ৮৬ লাখ টাকায়। লাভজনক অবস্থান ও মূলধনের সীমাবদ্ধতা বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ওই ঘাটতির পুরোটা সমন্বয় ছাড়াই ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার অনুমতি দেয়। ফলে বছরটিতে কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।
২০২৪ সালের নিরীক্ষিত প্রতিবেদনে আরও দেখা যায়, ব্যাংকের শ্রেণিকৃত বিনিয়োগ আগের বছরের তুলনায় ১৯৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১৭৬ কোটি টাকায়, যা ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর ১৭ দশমিক ২৫ শতাংশ। এ বিপুল অনাদায়ী ঋণের কারণে গত বছরের ডিসেম্বর প্রান্তিকে ব্যাংকটি ২৭২ কোটি টাকার নিট লোকসানে পড়ে।
ফলে ২০২৪ সালে ব্যাংকটির সম্মিলিত নিট মুনাফা আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ কমে দাঁড়ায় ৬৪ কোটি ৯৫ লাখ টাকায়। সেই সঙ্গে শেয়ারপ্রতি আয় নেমে আসে মাত্র ৫৮ পয়সায়, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৮৬ পয়সা।

