বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি পরিচালনায় মুদ্রানীতি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, বিনিয়োগে গতি আনা ও আর্থিক ভারসাম্য রক্ষা, এই সব লক্ষ্য সামনে রেখে প্রতিবছরই বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে। ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিও তার ব্যতিক্রম নয়। এবারের নীতিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি কমানো ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনার ওপর।
দেশের অর্থনীতি সঠিক পথে এগিয়ে নিতে মুদ্রানীতি অর্থাৎ টাকার সরবরাহ ও সুদের হারের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান লক্ষ্য হলো মূল্যস্ফীতি যেন নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ জিনিসপত্রের দাম যেন হঠাৎ বেড়ে না যায়। একই সঙ্গে মুদ্রানীতির মাধ্যমে দেশের উৎপাদন ও জিডিপি (মোট দেশজ উৎপাদন) বাড়ানো হয়, যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এছাড়াও টাকার বিপরীতে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থির ও নিয়ন্ত্রণে রাখা মুদ্রানীতির আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তবে প্রশ্ন উঠছে এই নীতির বাস্তব প্রভাব কতটা?
কাগজে-কলমে ঘোষিত লক্ষ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির ব্যবধান দিনে দিনে বাড়ছে। উচ্চ মূল্যস্ফীতি, ডলারের রিজার্ভ সংকট, টাকার অবমূল্যায়ন এবং ব্যাংক খাতে তারল্য সঙ্কট, এসব বাস্তব চ্যালেঞ্জ মুদ্রানীতির বাস্তবায়নে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন কারণে এই ব্যবধান তৈরি হয়েছে। যেমন: বর্তমানে বাংলাদেশের মুদ্রানীতির লক্ষ্য ও বাস্তবতার মধ্যে একটি সুস্পষ্ট ব্যবধান তৈরি হয়েছে। সাধারণত মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়। কিন্তু সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতায় এসব লক্ষ্য বাস্তবায়নে চ্যালেঞ্জ বাড়ছে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মুদ্রানীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলেও চলমান পরিস্থিতিতে তা অনেকটাই কঠিন হয়ে উঠেছে। বৈশ্বিক বাজারে খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামা এবং অভ্যন্তরীণ সরবরাহ চেইনের দুর্বলতার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দেশে গড় মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে ছিল। ২০২৩-২৪ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ, যা গত ১৩ বছরে সর্বোচ্চ।
তবে জুন মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেছে। ওই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশহ ৪৮ শতাংশে, যা আগের মাস মে-তে ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। গত দুই বছরে জুনের এই হারই সবচেয়ে কম। এদিকে খাদ্যপণ্যের দামও কিছুটা কমেছে। জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার নেমে এসেছে ৭ দশমিক ৩৯ শতাংশে, যেখানে মে মাসে তা ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ।
অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমে যাওয়ায় আমদানি ব্যয় নিয়ন্ত্রণ ও টাকার মান ধরে রাখার চাপ তৈরি হয়েছে। ২০২১ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু এরপর থেকেই রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকে।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে রিজার্ভ নেমে এসেছে প্রায় ২১ বিলিয়ন ডলারে অর্থাৎ চার বছরের মধ্যে প্রায় অর্ধেকে নেমে গেছে। এটি দেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। রিজার্ভ হ্রাসের পেছনে একাধিক কারণ রয়েছে। করোনার পর আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এবং বৈদেশিক বাণিজ্যে ঘাটতি তৈরি হওয়ায় রিজার্ভের ওপর চাপ পড়ে। পাশাপাশি ডলার পাচার ও টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয় আরও বেড়ে যায়, বিশেষ করে জ্বালানি ও ভোগ্যপণ্যে।
বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করাও রিজার্ভ হ্রাসে বড় ভূমিকা রেখেছে। এছাড়া আঞ্চলিক অর্থনৈতিক লেনদেনের সংগঠন ‘আকু’-এর বকেয়া পরিশোধ করতেও বিপুল পরিমাণ ডলার খরচ হয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে রিজার্ভে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। প্রবাসী আয় বৃদ্ধির উদ্যোগ এবং বিদেশি ঋণ গ্রহণের মাধ্যমে রিজার্ভ পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে।
মুদ্রানীতির লক্ষ্য ও বাস্তবতা: বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের শেষে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছিল। কিন্তু বাস্তবে জুন ২০২৫ শেষে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশে। যদিও এটি আগের বছরের তুলনায় কিছুটা কম, তবে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এখনও অনেক বেশি। বিশেষ করে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, ডলারের ঘাটতির কারণে আমদানি ব্যয়ের চাপ এবং অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার দুর্বলতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
মুদ্রানীতির মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে যায় এবং অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। অপরদিকে যদি অর্থনৈতিক প্রবাহ বা বিনিয়োগ খুব বেশি কমে যায়, তবে কর্মসংস্থান সংকুচিত হয়, যা দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধিকে বাঁধাগ্রস্ত করতে পারে।
এই কারণেই বাংলাদেশ ব্যাংক প্রতি ৬ মাস অন্তর মুদ্রানীতি হালনাগাদ করে, যাতে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া যায়। মুদ্রানীতি প্রণয়নের সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, বৈশ্বিক বাজারের প্রভাব, আমদানি-রপ্তানি ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রাজনৈতিক স্থিতিশীলতা এই সব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বর্তমানে দেশে ব্যাংকিং খাতে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন এবং বৈদেশিক ঋণ পরিশোধে চাপ যেমন বাড়ছে, তেমনি রাজস্ব আয় প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সরকারকেও অতিরিক্ত ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
সব মিলিয়ে বলা যায়, মুদ্রানীতির মূল লক্ষ্য ও বাস্তব প্রয়োগের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, তা শুধুমাত্র নীতিগত সিদ্ধান্ত দিয়েই পূরণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কার্যকর বাস্তবায়ন, সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা এবং সরকারের অন্যান্য নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ। মুদ্রানীতিকে কেবল একটি আর্থিক নীতি হিসেবে নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার অংশ হিসেবেই দেখতে হবে।
মূল্যস্ফীতি ও সুদের হার বিশ্লেষণ: মূল্যস্ফীতি ও সুদের হার এই দু‘টি বিষয় যে কোনো অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের মাঝে গভীর পারস্পরিক সম্পর্ক রয়েছে, যা দেশের সার্বিক আর্থিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলে। মূল্যস্ফীতি বেড়ে গেলে বাজারে পণ্যের দাম বাড়ে, টাকার ক্রয়ক্ষমতা কমে যায় এবং মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সুদের হার বাড়ায়। এর পেছনে যুক্তি হলো সুদের হার বাড়ালে মানুষ বেশি সঞ্চয়ে আগ্রহী হয়, ঋণ নেওয়া কমে, ফলে বাজারে টাকার প্রবাহ হ্রাস পায় এবং মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে যখন অর্থনীতিতে মন্দা দেখা দেয় বা মূল্যস্ফীতি কমে যায়, তখন সুদের হার কমিয়ে দেওয়া হয়, যাতে বিনিয়োগ ও ভোগ বৃদ্ধি পায়। এতে বাজারে অর্থের প্রবাহ বাড়ে এবং অর্থনৈতিক কার্যকলাপ গতিশীল হয়। এইভাবে সুদের হার এবং মূল্যস্ফীতি একধরনের সমন্বিত নীতিতে আবদ্ধ। কিন্তু বাস্তবে এই সমন্বয় সবসময় সফলভাবে কার্যকর হয় না। সুদের হার বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে, তবে একই সঙ্গে বিনিয়োগে ধীরগতি দেখা দেয়, ব্যবসা-বাণিজ্য কমে যেতে পারে এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখযোগ্য—
প্রথমতঃ অনেকেই “মূল্যস্ফীতি” ও “মুদ্রাস্ফীতি” শব্দ দু‘টি এক মনে করেন, অথচ এই দু‘টি ভিন্ন বিষয়। মুদ্রাস্ফীতি বোঝায় বাজারে অতিরিক্ত অর্থের প্রবাহ, যেখানে মূলতঃ টাকার সরবরাহ বেড়ে যায়। এর ফলেই অনেক সময় পণ্যের দাম বাড়ে এবং তা পরিণত হয় মূল্যস্ফীতিতে, যা দ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধির প্রতিফলন।
দ্বিতীয়ত: সুদের হার বাড়ানোর প্রভাব সবসময় ইতিবাচক নয়। এটি সঞ্চয়কে উৎসাহিত করলেও বিনিয়োগের খরচ বাড়িয়ে দেয়। ফলে উৎপাদন খাত বা শিল্প খাত চাপে পড়ে এবং সামগ্রিক প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে।
তৃতীয়ত: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হারই যথেষ্ট নয়। সরকারের আর্থিক নীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন: ব্যাংকের নগদ সংরক্ষণ অনুপাত (CRR), রেপো রেট বা রিভার্স রেপো রেট পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাজারে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণের চেষ্টা করে।
চতুর্থতঃ মূল্যস্ফীতির পেছনে বৈশ্বিক বাজারের ওঠানামা, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি, অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার ঘাটতি, পরিবহন ব্যয় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবও রয়েছে। শুধুমাত্র সুদের হার নিয়ন্ত্রণ করে এসব সমস্যার সমাধান সম্ভব নয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও জটিল। বর্তমানে বাংলাদেশে অনেক দিন ধরে পণ্যের দাম দ্রুত বাড়ছে। মূল্যস্ফীতি এখন ৮ শতাংশেরও বেশি, যা সাধারণ মানুষের জন্য বড় এক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যাদের মাসিক আয় সীমিত, তাদের জন্য জীবন চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। মূল্যস্ফীতি মানে হলো, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বাড়া। যখন দাম বেশি বাড়ে, তখন একই টাকা দিয়ে আগের মতো কেনাকাটা করা সম্ভব হয় না। ফলে মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বেশি টাকা খরচ করতে হয়।
উদাহরণ হিসেবে বলা যায়, আগে যে জিনিস ১০০ টাকায় কেনা যেত, এখন সেটি কিনতে লাগছে ১০৮ টাকার বেশি। এতে করে খাদ্য, পোশাক, ওষুধসহ দৈনন্দিন সব খরচ বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে গরিব ও মধ্যবিত্তরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ৮ শতাংশের বেশি মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধাক্কা দিচ্ছে। এটি এখন দেশের একটি বড় অর্থনৈতিক সমস্যা হয়ে উঠেছে, যার দ্রুত সমাধান প্রয়োজন।
অন্যদিকে উচ্চ সুদের হার ঋণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন, অনেক নতুন প্রকল্প আটকে আছে, ফলে কর্মসংস্থান সৃষ্টি বাঁধাগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে মূল্যস্ফীতি ও সুদের হারের মধ্যে সম্পর্কটি শুধু বইয়ের পাতায় যতটা সরল, বাস্তবে তা অনেক বেশি জটিল। এই চক্র ভাঙতে হলে প্রয়োজন সুসংহত নীতিমালা, স্বচ্ছতা, বাজারভিত্তিক কৌশল এবং দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার, যা অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মুদ্রানীতির ফাঁকফোকর ও কাঠামোগত দুর্বল-
.বাংলাদেশের বর্তমান মুদ্রানীতিকে ঘিরে যে সমস্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ও নীতিগত ফাঁকফোকর বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এসব সীমাবদ্ধতা মুদ্রানীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে এবং সামগ্রিক অর্থনীতির ওপর এর প্রত্যাশিত প্রভাব হ্রাস করে।
সবচেয়ে উল্লেখযোগ্য দুর্বলতা হলো, অপর্যাপ্ত তারল্য ব্যবস্থাপনা। সংকোচনমূলক মুদ্রানীতির উদ্দেশ্য থাকে বাজারে অতিরিক্ত টাকা সরবরাহ নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ব্যাংকিং খাতে এখনও চাহিদার তুলনায় অতিরিক্ত তারল্য রয়েছে, যা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে অতিরিক্ত নগদ অর্থ মজুত থাকলেও তা উৎপাদনশীল খাতে ঠিকভাবে বিনিয়োগ হচ্ছে না; বরং একাংশ চলে যাচ্ছে আমদানি বা সম্পদ সঞ্চয়মূলক খাতে, যা অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলছে।
এর পাশাপাশি দেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরেই দুর্বল ব্যবস্থাপনার শিকার। ২০২৫ সালের মে–জুন পর্যন্ত তথ্য অনুযায়ী, সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫ দশমিক ৭৯ শতাংশে। অর্থাৎ এসব ব্যাংক থেকে দেওয়া প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৪৬ টাকাই গ্রাহকেরা সময়মতো ফেরত দিচ্ছেন না, যা খেলাপি ঋণ হিসেবে গণ্য হচ্ছে। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই এই ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য বড় এক সংকেত। রাজনৈতিক প্রভাবে ঋণ অনুমোদন, ঋণ আদায়ে শিথিলতা এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সংস্কৃতি একটি সুসংহত আর্থিক ব্যবস্থাকে নড়বড়ে করে তুলেছে। এই অবস্থায় মুদ্রানীতির মাধ্যমে আর্থিক শৃঙ্খলা ফেরানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া মুদ্রানীতির এক বড় প্রতিবন্ধকতা হলো দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার অভাব। প্রায়ই দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা রাজনৈতিক চাপের মুখে দুর্বল হয়ে পড়ে। বহু ক্ষেত্রে বড় অঙ্কের ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচার হয়েছে, অথচ দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আইনের শাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতিই এই ধরনের অনিয়মকে আরও উৎসাহিত করছে।
দুর্বলতার আরেকটি দিক হলো, বর্তমান মুদ্রানীতির কাঠামোগত স্থবিরতা। বর্তমানে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করা হয়, যা বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ চাহিদার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে ব্যর্থ। বিশ্ববাজারে দ্রব্যমূল্য, জ্বালানি, ডলার সংকট কিংবা ভূ-রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ৬ মাস মেয়াদি বা সময়োপযোগী মুদ্রানীতি প্রণয়ন এখন সময়ের দাবি। এছাড়া মুদ্রানীতিতে ব্যবহৃত ডেটার যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে। মূল্যস্ফীতি, আর্থিক অন্তর্ভুক্তি কিংবা অর্থ সরবরাহ সংক্রান্ত পরিসংখ্যান বাস্তবতার তুলনায় অনেক সময়েই পরিমিত নয়, যা নীতিনির্ধারণকে ভুল পথে চালিত করে।
এই প্রেক্ষাপটে একটি কার্যকর ও ফলপ্রসূ মুদ্রানীতির জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত অর্থনীতি এবং ব্যাংক খাতের গভীর সংস্কার। মুদ্রানীতি কেবল নীতিগত ঘোষণায় সীমাবদ্ধ থাকলে তা দেশের অর্থনীতির জটিলতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারবে না। বরং এর কাঠামো ও প্রয়োগ পদ্ধতির ব্যাপক সংস্কার এখন জরুরি হয়ে উঠেছে। নইলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, বিনিয়োগে গতি আনা কিংবা রিজার্ভ পুনর্গঠন, সবই কেবল মুখস্ত উচ্চারণে রয়ে যাবে, বাস্তব অগ্রগতি নয়।
মুদ্রানীতির কার্যকারিতা বাড়াতে হলে- মুদ্রানীতিকে বাস্তব অর্থনীতিতে আরও কার্যকর করে তুলতে হলে কিছু মৌলিক ও কাঠামোগত পরিবর্তন এখন অত্যাবশ্যক হয়ে পড়েছে। দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে মুদ্রানীতির সঙ্গে সমন্বয়হীনতা ও দুর্বলতাগুলো দূর করতে হবে।
প্রথমতঃ ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে হবে। বর্তমানে খেলাপি ঋণ দেশের ব্যাংকিং ব্যবস্থার অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের খেলাপি ঋণের পরিমাণ পৌঁছেছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা। যা দেশের ব্যাংকিং ইতিহাসে এক নজিরবাহী সর্বোচ্চ সংখ্যা এবং এর ফলে ব্যাংক খাতে ঋণের প্রায় ২৪ দশমিক ১৩ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। যার বড় অংশই প্রভাবশালী গোষ্ঠীর কাছে আটকে আছে। এসব ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং একই সঙ্গে নতুন ঋণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আরো দৃঢ় ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন।
দ্বিতীয়ত: দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। আর্থিক খাতে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব এবং অনিয়ম বন্ধ না করলে মুদ্রানীতির কোনো উদ্যোগই টেকসই হবে না। অনেক সময় দেখা যায়, বড় অঙ্কের ঋণ অনুমোদন দেওয়া হয় রাজনৈতিক প্রভাবে, যার ফলশ্রুতিতে তা পুনঃপ্রাপ্তি অসম্ভব হয়ে পড়ে। এমন প্রবণতা বন্ধে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
তৃতীয়ত: আইনের শাসন প্রতিষ্ঠা মুদ্রানীতির কার্যকারিতার অন্যতম পূর্বশর্ত। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের কঠোর প্রয়োগ অর্থনৈতিক নীতির প্রতি আস্থা তৈরি করতে সাহায্য করবে।
চতুর্থতঃ মুদ্রানীতির কাঠামো ও রূপদানে সময়োপযোগী সংস্কার জরুরি হয়ে উঠেছে। বর্তমানে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করা হলেও, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তা এবং দেশের দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ৬ মাস মেয়াদি বা ফ্লেক্সিবল মুদ্রানীতির দিকে যাওয়া উচিত। এতে করে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে সময়মতো প্রয়োজনীয় সমন্বয় আনা সম্ভব হবে।
এসব বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা গেলে মুদ্রানীতি শুধু কাগজে-কলমে নয়, বাস্তব মাঠেও কার্যকর হয়ে উঠবে। এর ফলে মূল্যস্ফীতির লাগাম টানা সহজ হবে, বিনিয়োগে আস্থা ফিরবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। তাই মুদ্রানীতিকে সার্থক ও ফলপ্রসূ করতে হলে এখনই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সংস্কার এবং কার্যকর তদারকির মাধ্যমে কাঠামোগত দুর্বলতাগুলো দূর করতে হবে।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির ঘোষিত লক্ষ্যগুলোর সঙ্গে বাস্তবতার একটি বড় ফারাক তৈরি হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগে গতি আনা এবং বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা কাঙ্ক্ষিতভাবে বাস্তবায়ন হচ্ছে না। এর পেছনে রয়েছে কাঠামোগত দুর্বলতা, ব্যাংকিং খাতের অশৃঙ্খলা, দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা, যা মুদ্রানীতির কার্যকারিতাকে সীমিত করে রেখেছে।
তাই সময় এসেছে বাস্তবতাকে অস্বীকার না করে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে অগ্রসর হওয়ার।মুদ্রানীতিকে সফল করতে হলে শুধু কাগুজে লক্ষ্য নির্ধারণ করলেই চলবে না, প্রয়োজন হবে শক্তিশালী বাস্তবভিত্তিক প্রয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা। রাজনৈতিক সদিচ্ছা, অর্থনৈতিক শৃঙ্খলা এবং নীতিনির্ধারণে বাস্তবতার প্রতিফলন ঘটলে তবেই এই ব্যবধান কমে আসবে, আর মুদ্রানীতি হয়ে উঠবে সত্যিকার অর্থে কার্যকর ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম।

