২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছে রেকর্ড পরিমাণ ৫৭০ কোটি ৪৫ লাখ ডলার। আগের অর্থবছরে (২০২৩-২৪) এই পরিমাণ ছিল ৪৭৯ কোটি ৫৪ লাখ ডলার। অর্থাৎ, এক বছরে দায় পরিশোধ বেড়েছে ১৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই ফল হিসেবে এই রেকর্ড পরিশোধ সম্ভব হয়েছে। এরপরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে জুন শেষে দাঁড়িয়েছে ৩১.৭৭ বিলিয়ন ডলারে। গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময় ডলার বাজার ছিল অস্থির। ডলারের মূল্যবৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয়েছিল। সেই সময় বিদেশিদের কাছে বাংলাদেশের দেনার পরিমাণ বাড়তে থাকে। ভারতের আদানি গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে টানাপড়েন চলছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। অর্থ পাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় সরকার, যার ইতিবাচক প্রভাব পড়ে রেমিট্যান্স প্রবাহে। ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে রেকর্ড ৩ হাজার ৩৩ কোটি ডলার প্রবাসী আয়। আগের বছরের তুলনায় এটি প্রায় ২৭ শতাংশ বেশি। পাশাপাশি রপ্তানি আয়েও ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বিদেশি আয় বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তাও বেড়েছে। শুধু জুন মাসেই আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন সংস্থা থেকে এসেছে ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণ। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “উচ্চ রেমিট্যান্স, রপ্তানি আয়ের ইতিবাচক ধারা এবং আন্তর্জাতিক সহায়তার কারণে বৈদেশিক মুদ্রাবাজার এখন স্থিতিশীল। টাকার মানও কিছুটা শক্তিশালী হয়েছে।”
শুধু সরকারি ঋণ নয়, বেসরকারি খাতের আমদানি বিল পরিশোধেও বড় অগ্রগতি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় বকেয়া আমদানি বিলের পরিমাণ ছিল ৪৪ কোটি ৫৩ লাখ ডলার। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপে তা ধীরে ধীরে কমতে থাকে।
- ডিসেম্বর ২০২৪ শেষে: বকেয়া দাঁড়ায় ২০ কোটি ডলার
- মার্চ ২০২৫ শেষে: কমে আসে ১০ কোটি ৫৪ লাখ ডলারে
- জুন ২০২৫ শেষে: আরও কমে দাঁড়ায় মাত্র ১ কোটি ২০ লাখ ডলারে
এই বকেয়াগুলোর একটি অংশে রয়েছে আইনি জটিলতা বা আমদানি নথিতে ত্রুটি, যার কারণে তা এখনও পরিশোধ সম্ভব হয়নি। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক গত ২০ এপ্রিল একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, আমদানিকারকের সম্মতি সাপেক্ষে ত্রুটিপূর্ণ বিলগুলোর দায়ও পরিশোধ করা যাবে। এতে করে আমদানি বিলের জটিলতা আরও কমবে বলে আশা করা হচ্ছে।

