গত এক দশকে বাংলাদেশের শিল্প খাতে চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে। একের পর এক আধুনিক কারখানা গড়ে উঠছে, বেড়েছে উৎপাদন, বাড়ছে জিডিপিতে শিল্প খাতের অংশ। অথচ এই উন্নয়নের পেছনে যে একটি ‘অদৃশ্য শূন্যতা’ তৈরি হচ্ছে—তা হলো চাকরির অভাব। অর্থনীতিবিদরা একে বলছেন ‘কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি’, যা দেশের জন্য এক নতুন ধাঁধা হয়ে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০১৩ সালে দেশের বিভিন্ন কারখানায় কাজ করতেন প্রায় ১ কোটি ২১ লাখ শ্রমিক। অথচ ২০২৫ সালে এসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখে। একই সময়ে জিডিপিতে শিল্প খাতের অবদান বেড়ে গেছে প্রায় ৭ শতাংশ পয়েন্ট—২৭.৫৫% থেকে ৩৪.৮১%।
অর্থাৎ, দেশের উৎপাদন বাড়ছে, কিন্তু মানুষ কাজ পাচ্ছে না। কেন এমন হচ্ছে?
বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ প্রযুক্তিনির্ভর বড় কারখানাগুলোর উত্থান। এসব শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদনের জন্য এখন আগের মতো বিপুল শ্রমিক প্রয়োজন পড়ে না। কম জনবলেই অনেক বেশি উৎপাদন সম্ভব হচ্ছে, কারণ তারা ব্যবহার করছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও অটোমেশন।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “পোশাক খাতে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি করতে যত শ্রমিক লাগত, এখন ৪০ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি হলেও শ্রমিক কমে গেছে। এর মানে, উৎপাদনশীলতা বেড়েছে, কিন্তু কর্মসংস্থান কমেছে।”
এই পরিস্থিতির আরেকটি বড় দিক হলো—দক্ষতার ঘাটতি। বিআইডিএসের সাবেক মহাপরিচালক কেএএস মুর্শিদ বলছেন, “শুধু লোকসংখ্যা থাকলেই হবে না, দরকার দক্ষ, আধা দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি। কিন্তু সেখানেই আমাদের ঘাটতি।”
বিআইডিএসের গবেষণায় দেখা গেছে, দেশে দক্ষ কর্মীর ভয়াবহ সংকট রয়েছে। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কিছু প্রকল্প থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।
শ্রম অর্থনীতিবিদ নাজমুল হোসেন আভি মনে করেন, শুধু প্রযুক্তি নয়, শিল্প উৎপাদনে বৈচিত্র্যের অভাবও কর্মসংস্থান সংকটে বড় কারণ। তার ভাষায়, “দেশ এখন সহজ ও পরিচিত শিল্পের ওপর নির্ভর করছে। নতুন খাত, উদ্ভাবন বা বহুমুখী শিল্প গড়ে তোলার চেষ্টা কম।”
তিনি এটিকে ‘বি-শিল্পায়ন’ এবং ‘অর্থনৈতিক বিচ্যুতি’র শুরু হিসেবে উল্লেখ করেছেন।
র্যাপিড-এর নির্বাহী পরিচালক অধ্যাপক আবু ইউসুফ বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থা ও শিল্পের চাহিদার মাঝে বিশাল ফারাক রয়েছে। যার ফলে অনেক গুরুত্বপূর্ণ পদের জন্য আমরা এখনো প্রতিবেশী দেশ থেকে লোক আনছি, অথচ আমাদের স্নাতকেরা বেকার।”
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো বোধহয় জরুরি ছিল, কিন্তু এর একটা বড় প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। বিনিয়োগ থমকে যাওয়ায় নতুন চাকরির সুযোগও থেমে গেছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সাবেক উপদেষ্টা রিজওয়ানুল ইসলাম বলছেন, শিল্প খাতে নারীদের কর্মসংস্থান কমে যাওয়া আরেকটি দুঃশ্চিন্তার বিষয়। বিশেষ করে পোশাক খাতে, যেখানে আগে নারীরা বড় অংশ জুড়ে থাকতেন, সেখানে এখন সেই সুযোগও কমে আসছে।
তার মতে, “সেবা খাত কখনোই শিল্প খাতের বিকল্প নয়। সেবা খাতের অনেক চাকরি অস্থায়ী ও নিম্ন বেতনের, যা মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে পারে না।”
বাংলাদেশের শিল্প খাত এখন একটি নতুন অধ্যায়ে—যেখানে যন্ত্র এগিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ পিছিয়ে পড়ছে। উৎপাদন হচ্ছে, প্রবৃদ্ধিও হচ্ছে, কিন্তু সেই প্রবৃদ্ধি কতটা সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক? এই প্রশ্নের উত্তর এখন খুঁজে বেড়াচ্ছেন অর্থনীতিবিদরা।
সমাধান কি আছে? বিশেষজ্ঞরা বলছেন, এখনই দক্ষতা উন্নয়ন, শিল্পে বৈচিত্র্য আনা, এবং শিক্ষা ও বাস্তবতার মাঝে সেতুবন্ধন তৈরির কাজ শুরু করতে হবে। না হলে আমরা প্রবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে খুশি থাকলেও, বাস্তবে একটি ‘অচল অর্থনীতি’র দিকে এগিয়ে যাচ্ছি।

