নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ৯০০ থেকে ৯৫০ কোটি টাকার মধ্যে এ জাহাজ দুটি কেনা হবে। এরই মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। জাহাজ ক্রয় প্রক্রিয়া তদারকিতে নৌপরিবহন মন্ত্রণালয় গঠন করেছে তিনটি উপকমিটি।
এ বিষয়ে জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, “এই প্রথম বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হচ্ছে, যা একটি ঐতিহাসিক ঘটনা। আমরা এরই মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছি। পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হচ্ছে।”
তিনি জানান, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই চুক্তি সই হতে পারে। দরপত্র মূল্যায়ন শেষে অনসাইট ইন্সপেকশন করে প্রতিবেদন প্রস্তুত করা হবে। এরপর অনুমোদন যাবে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে (সিসিজিপি)। অনুমোদন পেলেই চূড়ান্তভাবে জাহাজ ক্রয়ের কাজ শুরু হবে। জানা গেছে, ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন) ধারণক্ষমতাসম্পন্ন এ দুই বাল্ক ক্যারিয়ার কেনা হচ্ছে ‘দুটি বাল্ক ক্যারিয়ার সংগ্রহ’ প্রকল্পের আওতায়। এ প্রকল্পের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় গঠন করেছে দরপত্র উন্মুক্তকরণ কমিটি, মূল্যায়ন কমিটি ও কারিগরি উপকমিটি। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বিএসসির নিজস্ব অর্থায়নে।
দরপত্র আহ্বান করা হয় ৩ জুন। দরপত্র বিক্রি চলে ১৫ জুলাই পর্যন্ত এবং জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ জুলাই দুপুর পর্যন্ত। বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান দরপত্র জমা দিলেও তা এখনো খোলা হয়নি। মূল্যায়ন কমিটি ১৭ থেকে ২১ জুলাইয়ের মধ্যে জমা পড়া নথিপত্র যাচাই করবে। এরপর টেকনিক্যাল ইভ্যালুয়েশনের ভিত্তিতে সাত সদস্যের প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনে যাবেন। তাদের সঙ্গে পরে কারিগরি উপকমিটিও যুক্ত হবে। এই পরিদর্শনের ভিত্তিতেই তৈরি হবে মূল্যায়ন প্রতিবেদন।
প্রতিবেদন অনুমোদন পেলেই শুরু হবে চুক্তি স্বাক্ষর ও জাহাজ সংযোজন প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই বিএসসির বহরে যুক্ত হবে নতুন দুটি বাল্ক ক্যারিয়ার। এতে বিএসসির জাহাজের সংখ্যা দাঁড়াবে সাতটিতে। এর মধ্যে বর্তমানে রয়েছে দুটি বাল্ক ক্যারিয়ার ও তিনটি অয়েল ট্যাংকার।
বিএসসি সূত্রে আরও জানা গেছে, চীনের সঙ্গে জিটুজি ভিত্তিতে আরও চারটি জাহাজ কেনার চুক্তিও চূড়ান্ত পর্যায়ে। সেই চুক্তি সম্পন্ন হলে আগামী বছর বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়াবে ১১টিতে।

