যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশের উদ্যোগে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সময়ও প্রায় ফুরিয়ে এসেছে—মাত্র ১০ দিন হাতে। তারপরও রপ্তানিকারকরা আশা ছাড়েননি। তাদের মতে, এখন দরকার আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট নিয়োগ। এজন্য কোরিয়ান ইপিজেডের প্রেসিডেন্ট কিহাক সাংসহ পরিচিত বিদেশি মুখদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তারা।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “সরকার কিছুটা উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু এই প্রক্রিয়ায় বেসরকারি পর্যায়ের কাউকে যুক্ত করা হয়নি। আমি মনে করি, ২-৪ জন দক্ষ প্রতিনিধি রাখা উচিত ছিল। আমাদের রপ্তানির ৮৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। সময় খুবই কম। তবে আমরা এখনো আশাবাদী। কিহাক সাংকে লবিস্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি ইয়াংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তাঁকে বললে আমি বিশ্বাস করি, তিনি এগিয়ে আসবেন। এছাড়া আরও অনেক আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তি আছেন, যাদেরও কাজে লাগানো সম্ভব।”
আরও এক প্রশ্নের জবাবে হাতেম জানান, “আমরা আগেও নানা সংকট সামলেছি। এখনো করছি। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। যদি যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক না কমায়, তবে আরও অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। তখন ‘সেফ এক্সিট’ ছাড়া আর কোনো উপায় থাকবে না।”
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও নিউ এজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশিফ ইব্রাহিম বলেন, “যুক্তরাষ্ট্র যদি বাড়তি শুল্ক না কমায়, তাহলে আমাদের পণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে পারবে না।” তিনি আরও বলেন, “রপ্তানি আয় কমে গেলে বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যাবে। এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। তৈরি পোশাক খাত নারী শ্রমিকদের বড় নিয়োগখাত। কারখানা বন্ধ হলে বহু শ্রমিক বেকার হয়ে পড়বেন।”
শাশা ডেনিমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি শামস মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্র যদি শুল্ক না কমায়, তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হব। অর্ডার কমে যাবে, বাজার সংকুচিত হবে। চীন, ভারত ও ভিয়েতনাম আমাদের বাজার দখল করে নেবে। সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।” ব্যবসায়ীদের মতে, দুই মাসের বেশি সময় ধরে দর-কষাকষা চলছে, কিন্তু এখনও প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হয়নি।

