রংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ চার বছর ধরে থেমে আছে। অর্থাভাবে প্রকল্পটির কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে বর্ষা-শুষ্ক মৌসুমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আশপাশের পাঁচটি গ্রামের মানুষকে।
হারাগাছ পৌর প্রকৌশল অফিস সূত্র জানায়, দক্ষিণ ঠাকুরদাস গ্রামের মস্তেরপাড় এলাকায় ৭৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের পরিকল্পনা নেয় পৌর কর্তৃপক্ষ। উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ পাওয়া অর্থে প্রকল্পটি কয়েক ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
প্রথম ধাপে ২০১৯ সালে ৩৬ লাখ টাকার কার্যাদেশ পায় মেসার্স মামুন কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি ২০২০ সালে প্রায় ৮০ শতাংশ কাজ করে থেমে যায়। এরপর দ্বিতীয় ধাপে, ২০২০ সালের নভেম্বরে, ২৯ লাখ টাকায় স্ল্যাব, বিম ও রেলিং নির্মাণের দায়িত্ব পায় নুর ইসলাম এন্টারপ্রাইজ। তবে প্রতিষ্ঠানটি ২০২১ সালে কাজের অর্ধেক শেষ করে অর্থ না পাওয়ায় বাকিটুকু বন্ধ রাখে।
নুর ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুর আলম লাভলু বলেন, “এ প্রকল্পে কোনো পূর্ণাঙ্গ নকশা ছিল না। বরাদ্দ ও প্রাক্কলনের মধ্যে অসঙ্গতি ছিল। তাছাড়া অর্থ পরিশোধে পৌর কর্তৃপক্ষ নানা জটিলতা করায় আমরা কাজ থামিয়ে দিতে বাধ্য হই।” সরাসরি গিয়ে দেখা গেছে, নদীর মাঝখানে পিলার দাঁড়িয়ে আছে, কিন্তু স্ল্যাব ও সংযোগ সড়ক নেই। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে কলার ভেলা ও ডিঙি নৌকা আর শুষ্ক মৌসুমে হাঁটু পানি ও কাদা পেরিয়ে পার হতে হয় তাদের।
ঠাকুরদাস এলাকার বাসিন্দা জলিল আহমেদ বলেন, “চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। এখন নির্মাণ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। বর্ষায় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়, কৃষকরা কৃষিপণ্য আনা-নেওয়ায় ভোগান্তিতে পড়ে।” নদীর অপর পারে শাঁখারীপাড়া গ্রামের বাসিন্দা কবির খান বলেন, “পাঁচ গ্রামের মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। কেউ অসুস্থ হলে সময়মতো হাসপাতালে নেওয়া যায় না।”
শাঁখারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী টুম্পা আক্তার জানায়, “আমাদের স্কুলে যেতে হয় ডিঙি নৌকা বা কলার ভেলায়। মাঝেমধ্যে ভেলায় পড়ে বই-খাতা ভিজে যায়। তখন আর স্কুলে যাওয়া হয় না।”
হারাগাছ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হামিদুর রহমান জানান, প্রথম ও দ্বিতীয় ধাপে সেতুর পিলার, পায়ারক্যাপ ও অ্যাবাটমেন্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে বাকি কাজের জন্য প্রয়োজন ১০টি স্ল্যাব, রেলিং ও দুই পাশে ১২০ মিটার অ্যাপ্রোচ সড়ক। এতে খরচ পড়বে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পৌরসভার পক্ষে এই অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব নয়। ঢাকায় সরকারি বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থ পেলেই দরপত্রের মাধ্যমে বাকি কাজ শুরু হবে। এ বিষয়ে হারাগাছ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক বলেন, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।”

