দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট গত রাত ১১টায় চালু করা হয়েছে। জাতীয় গ্রিডে প্রযুক্ত সমস্যার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ১নং ইউনিট থেকে বর্তমানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে ৩নং ইউনিট এখনও বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক আজ মঙ্গলবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় গ্রিডে সৃষ্ট সমস্যার ফলে কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত কাজ চলছে। ৩নং ইউনিট চালুর চেষ্টা অব্যাহত আছে।
দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় তা জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কিন্তু সন্ধ্যায় জাতীয় গ্রিডে সমস্যার কারণে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ সমস্যা হয়। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
২নং ইউনিট দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র ২০০৬ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে স্থাপিত হয়। প্রথমে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি ইউনিটের মাধ্যমে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ২০১৭ সালে এখানে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট চালু হয়।

