দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি মন্দার মাঝেও নতুন অর্থনৈতিক সম্ভাবনার সূচনা হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রথমবারের মতো দেশে কমোডিটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে পরীক্ষামূলক লেনদেন শুরু করবে। শুরুতে লেনদেন হবে তিনটি পণ্যের ওপর—সোনা, রৌপ্য এবং অপরিশোধিত পাম তেল।
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুঁজিবাজারে গড় লেনদেন প্রায় ৪০ শতাংশ কমেছে। একটানা দরপতনে বিনিয়োগকারীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে বিকল্প বিনিয়োগ চ্যানেল হিসেবে কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও প্রথম পর্যায়ে লেনদেন সম্পূর্ণ কাগজভিত্তিক বা ইলেকট্রনিক হবে, ওয়্যারহাউসের মাধ্যমে পণ্য সরবরাহ বা গ্রহণ প্রক্রিয়া এই পরীক্ষামূলক পর্যায়ে চালু হবে না। ভবিষ্যতে ওয়্যারহাউসভিত্তিক লেনদেন ও পণ্যের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে দেশের ফাইন্যান্সিয়াল মার্কেটে নতুন দিগন্ত খুলবে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজ বলেন, “এটি কেবল নতুন পণ্য নয়, বরং বাজারে পণ্যের পর্যাপ্ততা ও স্বচ্ছতা আনার সুযোগ সৃষ্টি করবে। লেনদেন সহজ হবে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
তবে কার্যক্রম শুরু নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম জানান, “প্ল্যাটফর্মটি লাভজনক হতে হবে। না হলে সরকারি ভর্তুকি লাগবে, যা কাম্য নয়। এছাড়া পণ্যের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি ব্যবস্থাপনা জরুরি।”
সিএসই জানিয়েছে, আইন ও বিধিবিধান প্রণয়নের কাজ প্রায় শেষের দিকে। গেজেট আকারে আইন প্রকাশের পর ব্রোকারদের অনুমোদন দেওয়া হবে। ইতিমধ্যে ট্রেকহোল্ডারদের জন্য খসড়া আইন প্রস্তুত, যা শিগগিরই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে। অনুমোদনের পর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, “আগস্টের মধ্যে সব প্রস্তুতি শেষ করে সেপ্টেম্বরেই মক টেস্ট চালু করার পরিকল্পনা রয়েছে। কমোডিটি এক্সচেঞ্জের জন্য পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি প্রয়োজন, যা সময়সাপেক্ষ। তবে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক লেনদেন শুরু করতে পারব বলে আশা করছি।”
নতুন বিনিয়োগ কাঠামোয় ক্রেতারা পণ্য কেনার জন্য পুরো টাকা একবারে দিতে হবে না। মোট দামের ১০ থেকে ২০ শতাংশ মার্জিন জমা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য পণ্য কেনা যাবে। পরবর্তীতে বাজারমূল্য অনুযায়ী লাভ বা লোকসান নির্ধারণ করা হবে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, “কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে। আইন প্রণয়ন ও বাস্তবায়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এটি দেশের বাজার ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে।” পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে এই উদ্যোগ অর্থনীতিতে স্বচ্ছতা, পণ্যের মূল্য স্থিতিশীলতা ও বিকল্প বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা, এই সম্ভাবনাময় প্ল্যাটফর্ম কতটা সফলভাবে বাস্তবায়ন করা যায়।

