সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন খান ইকবাল হোসেন। ১৫ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন। সোনালী ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কৃষি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে পদায়ন করা হয়।
খান ইকবাল হোসেন ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দুই যুগের বেশি সময়ের অভিজ্ঞতায় তিনি বিভিন্ন শাখা, করপোরেট ও সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন। এর মধ্যে ছিল ক্রেডিট, অপারেশন, মানবসম্পদ, রিস্ক ম্যানেজমেন্ট ও রিকভারি বিভাগ।
ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি ঋণ খাতে তার নেতৃত্ব, পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দক্ষতার ছাপ রয়েছে। তিনি উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা এনেছেন। খান ইকবাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট ও বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

