রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায়, নতুন ঋণ ও আমানতের প্রবৃদ্ধির মতো বিষয়গুলোকে এখন থেকে বিবেচনায় নেওয়া হবে। খসড়া ‘অভিন্ন পদোন্নতি নীতিমালা’-তে এসব শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে এ ধরনের শর্ত কোনো ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালায় ছিল না। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতেই এ বিধান আনা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ এ খসড়া চূড়ান্ত করতে বৈঠকে বসছে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিভাগীয় সচিব নাজমা মোবারেক। এতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) অংশ নেবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)—এই ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের জন্যই এই অভিন্ন পদোন্নতি নীতিমালা তৈরি হচ্ছে। নতুন নিয়ম অনুসারে, অফিসার পদ থেকে শুরু করে সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার (পিও), সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও), সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে পদোন্নতির ক্ষেত্রে অভিন্ন মানদণ্ড কার্যকর হবে।
এদিকে, অভিন্ন নীতিমালার দেরির কথা বলে জনতা ব্যাংক নিজেদের মতো করে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। যদিও তা এখনও কার্যকর হয়নি। এই উদ্যোগ নিয়ে ব্যাংকের ভেতরে একপক্ষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, খসড়া নীতিমালায় রয়েছে অস্বচ্ছতা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিন্ন নীতিমালা কার্যকর হলে প্রত্যেক ব্যাংকের নিজস্ব পদোন্নতি নীতিমালার আর কার্যকারিতা থাকবে না। এমনকি এ ধরনের খসড়া প্রণয়ন না করতে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে এফআইডির অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, অভিন্ন পদোন্নতি নীতিমালা প্রায় চূড়ান্ত। আজ এ বিষয়ে বৈঠক আছে। কাঠামোগতভাবে বড় কোনো পরিবর্তন আসেনি, ১০০ নম্বরের কাঠামোও অপরিবর্তিত রয়েছে। সব সরকারি ব্যাংককেই এই নীতিমালা মানতে হবে। কোনো ব্যাংক আলাদাভাবে নীতিমালা করলে তাতে বড় ধরনের সমস্যা থাকলে মন্ত্রণালয় অবশ্যই হস্তক্ষেপ করবে। তিনি আরও জানান, পদোন্নতির নম্বর বিভাজন সবার জন্য অভিন্ন থাকবে।
পদোন্নতি না পাওয়ার শর্ত:
- ফিডার পদে গত ৩ বছরে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) কোনো এক বছরে নেতিবাচক মন্তব্য থাকলে।
- নেতিবাচক মন্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যাহার না হলে।
- বিভাগীয় মামলা, দুর্নীতির অভিযোগে চার্জশিট, ফৌজদারি মামলায় বিচারাধীন বা গ্রেপ্তার হলে।
- চূড়ান্ত পদোন্নতির তালিকার পরে কেউ চার্জশিটভুক্ত হলে এবং সেই মামলায় নির্দোষ প্রমাণিত না হলে।
তবে নির্দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীর জন্য পদ সংরক্ষিত থাকবে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার আগেই চার্জশিট থেকে অব্যাহতি না পেলে, সংরক্ষিত পদে অন্যকে পদোন্নতি দেওয়া হবে।
দণ্ডপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে শর্ত:
- চাকরি বিধিমালা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত হলে প্রযোজ্য শর্ত প্রযোজ্য হবে।
- লঘুদণ্ডের ক্ষেত্রে, দণ্ড শেষ হওয়ার পর ১ বছর পর্যন্ত পদোন্নতি বিবেচনায় আসবে না।
নম্বর বিভাজন মোট নাম্বার ১০০:
- এসিআর (৩ বছরের গড়) : ৪৫ নম্বর
- শিক্ষাগত যোগ্যতা : ১৫ নম্বর
- মাস্টার্স/৪ বছর মেয়াদি অনার্স : ১৫
- ৩ বছর মেয়াদি অনার্স : ১৪
- সাধারণ গ্র্যাজুয়েট : ১৩
- ফিডার পদে চাকরিকাল : ১৫ নম্বর
- প্রথম ৩ বছর : ৯
- পরের প্রতি বছর : ১
- ৬ মাস–১ বছর : ০.৫০
- মাঠ পর্যায়ের অভিজ্ঞতা : ৪
- ব্যাংকিং ডিপ্লোমা : ১০
- দুর্গম এলাকায় কাজ : ১
- শাখা ব্যবস্থাপক হিসাবে সাফল্য : ২ (লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে)
- যেমন: আমানত ও ঋণ প্রবৃদ্ধি, শ্রেণিকৃত ও অবলোপন ঋণ আদায়
শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের সময় অনিয়মে দণ্ডপ্রাপ্ত হলে, সেই সময়কালীন নম্বর কাটা যাবে। পদোন্নতির মৌখিক পরীক্ষায় থাকবে ৮ নম্বর, পাশ নম্বর ৪। বাকি ৯২ নম্বরে ন্যূনতম ৭৫ পেতে হবে। উভয়ের যোগফল অনুযায়ী তৈরি হবে মেধাতালিকা। যারা বিদেশে থাকবেন, তাদের সাক্ষাৎকার ভার্চুয়ালি বা সরাসরি নেওয়া যাবে।

