চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা হাজারো কনটেইনারের অনেকগুলোতে গাছ জন্মেছে, কিছু মরিচা পড়ে ভেঙে গেছে। এভাবে জমে থাকা কনটেইনারগুলো দখল করে রেখেছে মূল্যবান জায়গা। কমেছে বন্দরের কার্যকারিতা, রাজস্ব আয় এবং শিপিং লাইনের সুবিধা। এ অবস্থা কাটিয়ে উঠতে এবার ব্যবহারের উপযোগী ৪৫৬টি কনটেইনার ও ২৪টি কনক্রিট মিকশ্চার গাড়ি নিলামে তোলা হচ্ছে।
এ লক্ষ্যে চট্টগ্রাম কাস্টম হাউস দুই ধাপে ই-অকশন আয়োজন করেছে। প্রথম দফায় নিলামে উঠছে ১১৩টি কনটেইনার, দ্বিতীয় দফায় আরও ৩৪৩টি। পাশাপাশি নিলামে থাকছে ২৪টি কনক্রিট মিকশ্চার গাড়িও।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন জানান, প্রথম দফার নিলামে অংশ নিতে হবে ১৫ জুলাই সকাল ৯টা থেকে ৩০ জুলাই দুপুর ২টার মধ্যে। অনলাইনে জমা দেওয়া দরপত্রগুলো সেদিনই খোলা হবে। দ্বিতীয় দফার ৩৪৩টি কনটেইনারের নিলামের দরপত্র জমা ও খোলার তারিখ ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
নিলামে অংশ নিতে হলে জাতীয় পরিচয়পত্র, টিআইএন ও হালনাগাদ আয়কর রিটার্নের সনদ থাকতে হবে। অনলাইনে দরপত্র দেওয়ার সময় কোটেশন মূল্যের ১০ শতাংশ জামানত হিসেবে তফসিলি ব্যাংক থেকে ‘কমিশনার, কাস্টম হাউস, চট্টগ্রাম’ বরাবর ইস্যু করা পে-অর্ডার, ব্যাংক ড্রাফট বা ডিডির স্ক্যান কপি দাখিল করতে হবে। পরে এই কাগজের মূল কপি ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি সিলগালা খামে ৩০ জুলাই দুপুর ২টার মধ্যে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। নির্ধারিত শর্ত পূরণ না হলে দরপত্র বাতিল বলে বিবেচিত হবে।
চট্টগ্রাম কাস্টম হাউস জানিয়েছে, নিলামে তোলা কনটেইনারগুলোতে টাইলস, কেমিক্যাল, জিপসাম বোর্ড, সিরামিক পণ্য, পোশাকশিল্পের উপকরণ, কাপড়, ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েলসহ নানা ধরনের পণ্য রয়েছে। বহুদিন পড়ে থাকার কারণে কিছু পণ্য ব্যবহার অনুপযোগী হলেও যেগুলো এখনো বিক্রিযোগ্য, সেগুলো যাচাই করে নিলামে তোলা হয়েছে। সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, “এসব পণ্য বিক্রি হলে একদিকে সরকারি রাজস্ব বাড়বে, অন্যদিকে বন্দরেও জায়গা খালি হবে।”
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, “আমরা প্রতি মাসে কাস্টম হাউসকে নিলামযোগ্য পণ্যের তালিকা সরবরাহ করি। দ্রুত নিলাম শেষ হলে বন্দরের জায়গা খালি হবে, নতুন কনটেইনার রাখার সুবিধা তৈরি হবে এবং বন্দর আরও কার্যকরভাবে পরিচালিত হবে।”

