দেশে সোনার দাম নতুন করে বেড়েছে। প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম ১,০৫০ টাকা বাড়িয়ে এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম আজ (বুধবার) থেকে সারা দেশে কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সেখানে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, আর ১৮ ক্যারেট সোনার দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা রাখা হয়েছে।
সোনার দামের সঙ্গে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা রয়েছে।

