দেশের ব্যাংক খাতে এখন নগদ টাকার ঘাটতি নেই, বরং ঘাটতি আছে আস্থার। ২০২৫ সালের জুন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী নিট উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। যা চাহিদার প্রায় দ্বিগুণ। তবে এই বিপুল অর্থ বাজারে প্রবাহিত হচ্ছে না।
মূল কারণ হিসেবে রয়েছে বিনিয়োগ পরিবেশে অনিশ্চয়তা, ঋণের চাহিদার স্থবিরতা এবং ব্যাংক ব্যবস্থার প্রতি অবিশ্বাস। বিশেষ করে শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংক, যাদের নিয়ন্ত্রণে রয়েছে এস আলম গ্রুপ, সেগুলোর নগদ সংকট ও স্বচ্ছতার অভাব গোটা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে ‘পদ্ধতিগত অনাস্থা’ তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের দ্বিধাগ্রস্ত করছে। সঙ্গে আছে উচ্চ সুদের চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং বাজার অস্থিরতা। এসব কারণে ব্যবসায়ীরা ঝুঁকি নিতে চাইছেন না। টাকা থাকলেও তা মাঠে নামছে না, আটকে আছে হিসাবপত্রে।
ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী জানান, সরকারের পরিবর্তনের পর কিছু সংস্কার নেওয়া হয়েছে, কিন্তু বিনিয়োগের পরিবেশ এখনও স্থিতিশীল হয়নি। উচ্চ সুদের হার, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অতীতের ঋণ হিসাব মিলিয়ে ব্যবসায়ীরা ঋণ নিতে সংকোচ করছেন। ফলে ব্যাংকে টাকা জমা থাকলেও তা ব্যবহৃত হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হলে বিনিয়োগ ও ঋণের চাহিদা বৃদ্ধি পাবে এবং তারল্যের সঠিক সঞ্চলন হবে।
অর্থনীতিবিদরা বলছেন, শুধু তারল্যের উপস্থিতি অর্থনীতির গতি আনার জন্য যথেষ্ট নয়। টাকা উৎপাদনশীল খাতে না গেলে বা মানুষের আস্থা না থাকলে তা কেবল হিসাবের সংখ্যায় সীমাবদ্ধ থাকে। ব্যাংকের কাগজে বড় তারল্য থাকলেও বাস্তবে তা অর্থনীতির গতি ফিরাতে পারছে না। কারণ এখনো ব্যবসায় আস্থাহীনতার অন্ধকার ঘনীভূত।
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছু স্বস্তির খবর রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে প্রবাসীদের পাঠানো অর্থ বেড়ে ৩০.৩৩ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৭৭ বিলিয়ন ডলারে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, গত এক বছরে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিদেশি উৎস থেকে অর্থায়ন বাড়ায় রিজার্ভও বাড়ছে। হুন্ডির প্রবাহ কমে ডলার ব্যাংকিং মাধ্যমে আসায় ডলারের ওপর চাপ কমেছে এবং বাজারে স্থিতিশীলতা ফিরেছে। এটি অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা।
তথ্য বিশ্লেষণ অনুযায়ী, ব্যাংকভিত্তিক তারল্যের চিত্র ভিন্ন। সরকারি ব্যাংকের হাতে রয়েছে ৮৮ হাজার কোটি টাকা উদ্বৃত্ত, বেসরকারি ব্যাংকের হাতে ১ লাখ ৪৪ হাজার কোটি। তবে শরিয়াহভিত্তিক কিছু ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের মধ্যে এখনও তারল্যের ঘাটতি রয়েছে। ইসলামী ব্যাংকগুলো প্রয়োজনীয় তারল্য ধরে রাখতে সংগ্রাম করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিচ্ছে বেশি। জুন পর্যন্ত নিট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১ লাখ ২০ হাজার কোটি টাকা। একই সময়ে সঞ্চয়পত্রের স্থিতি ৩ লাখ ৩৩ হাজার কোটি টাকা। সার্বিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক অদ্ভুত দ্বৈত বাস্তবতায় দাঁড়িয়েছে। অর্থ রয়েছে, কিন্তু সেগুলো সচল হচ্ছে না। রেমিট্যান্স বাড়ছে, রিজার্ভ ফিরছে, তবু বিনিয়োগ স্থবির। তারল্য থাকার পরও অর্থনীতির চাকা ঘোরে ধীরে।

