Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনৈতিক পরিকল্পনায় নেই দীর্ঘমেয়াদি সংকট সমাধানের রূপরেখা
    অর্থনীতি

    অর্থনৈতিক পরিকল্পনায় নেই দীর্ঘমেয়াদি সংকট সমাধানের রূপরেখা

    কাজি হেলালজুলাই 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হেলাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক কিছু সূচক উন্নতির ইঙ্গিত দিলেও ভিতরে ভিতরে গড়ে উঠছে একাধিক দীর্ঘমেয়াদি সংকট, যেগুলোর কোনো কার্যকর সমাধান বা রূপরেখা এখনও নীতিনির্ধারকদের পরিকল্পনায় স্পষ্ট নয়। বিশেষ করে জ্বালানি সংকট, ডলার ঘাটতি, রপ্তানি খাতের চাপ, শিল্পের স্থবিরতা এবং কর্মসংস্থানের অভাব, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ঋণের দায় বৃদ্ধি, ব্যাংক খাতে অনিয়ম এসব গুরুতর সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠলেও তা মোকাবিলায় বাস্তবভিত্তিক কোনো দীর্ঘমেয়াদি কৌশল দেখা যাচ্ছে না।

    সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মেটাতে হিমশিম খাচ্ছে, তরুণ সমাজ যখন কর্মসংস্থানের অভাবে হতাশ, তখন জাতীয় অর্থনৈতিক নীতিমালায় মূলতঃ অবকাঠামোভিত্তিক বিনিয়োগ আর ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নের কথাই বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, আমাদের অর্থনৈতিক কৌশল কি কেবল অঙ্কের প্রবৃদ্ধি ধরে রাখার প্রচেষ্টা, নাকি টেকসই উন্নয়নের জন্য একটি দূরদর্শী কাঠামো তৈরির দায়ও এর মধ্যে আছে?

    ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০–২০২৫) এবং প্রেক্ষিত পরিকল্পনা (২০২১–২০৪১)–এই দুই নীতিমালায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের ওপর প্রধানত গুরুত্ব দেওয়া হয়েছে। তবে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হলে আরও কিছু গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন ছিল, যা দুর্ভাগ্যজনকভাবে অবহেলিত থেকে গেছে কিংবা যথাযথ গুরুত্ব পায়নি।

    বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনায় দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলার জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা বা কার্যকর পদক্ষেপের ঘাটতি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সরকার কিছু স্বল্পমেয়াদি পদক্ষেপ গ্রহণ করলেও তা অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য যথেষ্ট নয়। বাস্তবতা হচ্ছে দেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতা এখন শুধু তাৎক্ষণিক চাপ নয়, বরং দীর্ঘমেয়াদি ঝুঁকির রূপ নিয়েছে।

    জ্বালানি খাতে এখন ঘন ঘন লোডশেডিং, শিল্প উৎপাদন বিঘ্নিত হওয়া এবং জ্বালানি আমদানিতে অতিরিক্ত খরচ বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু নবায়নযোগ্য জ্বালানির প্রসার, উৎস বৈচিত্র্য এবং অভ্যন্তরীণ উৎস অনুসন্ধানে প্রয়োজনীয় অগ্রগতি নেই। একইভাবে ডলার সংকটও দীর্ঘমেয়াদি ভিত্তিতে সমাধানের বদলে তাৎক্ষণিক রপ্তানি ও আমদানি নিয়ন্ত্রণ, কিংবা হুন্ডির বিরুদ্ধে প্রশাসনিক অভিযানেই সীমাবদ্ধ। অথচ রপ্তানি খাতের বৈচিত্র্য, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা এবং বিদেশি বিনিয়োগে স্থিতিশীল নীতিমালার দরকার ছিল দীর্ঘকাল আগে।

    ব্যাংকিং খাতেও দেখা যাচ্ছে গভীর অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ। খেলাপি ঋণ বাড়ছে, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আর গ্রাহক আস্থার সংকট প্রকট। সরকার ব্যাংক পুনঃপুঁজিকরণে অর্থ ঢাললেও কাঠামোগত সংস্কার অনুপস্থিত। একইসঙ্গে মানবসম্পদ খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ঘাটতি বাংলাদেশকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ থেকে বঞ্চিত করছে। শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণে ব্যয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এখনো কম, ফলে দক্ষ জনশক্তি তৈরি ব্যাহত হচ্ছে।

    শিল্প খাতেও রয়েছে স্থবিরতা। পোশাকশিল্পের পাশাপাশি অন্য রপ্তানিমুখী খাতে বৈচিত্র্য আনার চেষ্টার ঘাটতি রয়েছে। ন্যূনতম মজুরি, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা না হলে এসব খাত দীর্ঘমেয়াদে টেকসই থাকবে না। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, নীতিনির্ধারণে স্বচ্ছতার অভাব ও দুর্নীতির উচ্চ হার অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। বৈদেশিক বিনিয়োগকারীরা নিরাপত্তা ও জবাবদিহির অভাবে নিরুৎসাহিত হচ্ছেন, যার প্রভাব পড়ছে রিজার্ভ ও বাজার স্থিতিতে।

    এছাড়া দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, সরকারি ঋণের মাত্রাতিরিক্ত বৃদ্ধি, যুব বেকারত্বের ক্রমবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার অভিঘাত বাংলাদেশের অর্থনীতিকে বহুমুখী চাপে ফেলেছে। এসব সংকট ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল না থাকায় তা আরও জটিল হয়ে উঠছে। প্রকৃত অর্থে এগুলোর প্রতিটি একটি গভীর কাঠামোগত সমস্যা, যার সমাধানে সুপরিকল্পিত রোডম্যাপ, সময়সীমাবদ্ধ বাস্তবায়ন পরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

    এই প্রেক্ষাপটে বলা যায়, স্বল্প ও মধ্যমেয়াদি পদক্ষেপ গ্রহণ করে কিছু সময়ের জন্য পরিস্থিতি সামাল দেওয়া গেলেও অর্থনীতিকে টেকসই পথে নিতে হলে এখনই একটি দূরদর্শী, বাস্তবমুখী ও কাঠামোগত সংস্কারনির্ভর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সংকটের মূল কারণগুলো স্বীকার করে, অর্থনৈতিক খাতগুলোতে জবাবদিহিমূলক সংস্কার ও মানবসম্পদভিত্তিক উন্নয়ন কৌশল ছাড়া দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। এখন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, পেশাদারিত্ব এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের সাহস। নচেৎ দেশের অর্থনীতি এক অব্যাহত অনিশ্চয়তার পথে এগিয়ে যাবে, যার দায় শুধু সরকারের নয়, পুরো রাষ্ট্রযন্ত্রের।

    কিছু জরুরি পদক্ষেপ যা নেয়া যেতে পারে: বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকট শুধু সাময়িক অব্যবস্থাপনার ফল নয়, বরং এটি বহু বছর ধরে জমে থাকা কাঠামোগত দুর্বলতা, নীতিনির্ধারণে অসঙ্গতি এবং সুশাসনের অভাবের একটি প্রকট বহিঃপ্রকাশ। তাই সংকট নিরসনে কেবল অস্থায়ী পদক্ষেপ নয়, প্রয়োজন সুসংহত, বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদি কৌশল। এই লক্ষ্য পূরণে কিছু মৌলিক সংস্কার এখন সময়ের দাবি।

    প্রথমতঃ রাজস্ব ব্যবস্থায় সংস্কার আনতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামো আরও দক্ষ করতে হবে, করজাল সম্প্রসারণ করতে হবে এবং কালো টাকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে রাষ্ট্রের ব্যয় কাঠামোতে শৃঙ্খলা ফেরানো জরুরি। অনেক ব্যয়বহুল প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অপ্রয়োজনীয়; এসব বাতিল করে জনকল্যাণ কেন্দ্রিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো উচিত।

    দ্বিতীয়ত: ব্যাংকিং খাতের সংস্কার অপরিহার্য। বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। বারবার ঋণ পুনঃতালিকাভুক্তির নামে খেলাপিদের সুযোগ করে দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এবং শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে ঋণ আদায়ের কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    তৃতীয়ত: কর্মসংস্থানকেন্দ্রিক অর্থনীতি গড়তে হবে।আজকের বড় চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ যুবশক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। কৃষি, তথ্যপ্রযুক্তি, পরিবেশবান্ধব শিল্প ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা ও বিনিয়োগ সুবিধা সৃষ্টি করে যুবসমাজকে উৎপাদনমুখী খাতে যুক্ত করতে হবে। শুধু পোশাক খাতের ওপর নির্ভরতা আমাদের ঝুঁকিতে ফেলতে পারে।

    চতুর্থতঃ জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার বিষয়টিকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে। জলবায়ু অভিযোজন কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য যথাযথ বাজেট বরাদ্দ এবং কৃষি প্রযুক্তির আধুনিকায়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু তহবিল ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করা জরুরি।

    পঞ্চমত: বিদেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। যেসব প্রকল্পে লাভজনকতা বা অর্থনৈতিক সম্ভাবনা অনিশ্চিত, বিশেষ করে চীনের অর্থায়নে নেওয়া কিছু প্রকল্প, সেগুলোর স্বচ্ছ মূল্যায়ন করা প্রয়োজন। অন্ধভাবে বৈদেশিক ঋণ গ্রহণ দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক ভারসাম্যকে বিপন্ন করে তুলতে পারে।

    এছাড়া অর্থনৈতিক কাঠামোতে বৃহৎ সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানির ক্ষেত্রে বৈচিত্র্য আনাও এখন জরুরি। উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তা ব্যবহারে স্বচ্ছতা ও কৌশলগত বাছবিচার থাকা উচিত। এই পদক্ষেপগুলো সময়মতো গ্রহণ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শুধু বর্তমান সংকটই নয়, ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকেও দৃঢ়ভাবে মোকাবিলা করা সম্ভব হবে। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি, দক্ষ নেতৃত্ব এবং কার্যকর পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির এই অনিশ্চয়তা থেকে উত্তরণের পথ খুঁজে পেতে পারে।

    বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় স্বল্পমেয়াদি অগ্নিনির্বাপক নীতির বদলে দীর্ঘমেয়াদি ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, ক্রমবর্ধমান বৈদেশিক ঋণের চাপ, বৈশ্বিক মূল্যস্ফীতির অভিঘাত এবং ব্যাংকিং খাতের শৃঙ্খলাহীনতা, সবকিছু মিলিয়ে আজকের অর্থনীতি এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অথচ বাজেট ঘোষণায় বা পঞ্চবার্ষিক পরিকল্পনায় সেই সংকটের মূলধারার রূপরেখা অনুপস্থিত। দুর্বল রাজস্বনীতি, সুশাসনের অভাব ও আমলাতান্ত্রিক অদক্ষতা সংকটকে আরও গভীর করে তুলছে।

    দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থনৈতিক সংস্কারে রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়। শিল্পখাত ও কৃষিকে দীর্ঘমেয়াদি প্রণোদনার আওতায় এনে উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের আয় বাড়ানো এবং জনকল্যাণমুখী বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এই মুহূর্তে কৌশল নয়, প্রয়োজন একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি; যা শুধু প্রবৃদ্ধির পরিসংখ্যান নয়, বরং অর্থনীতির অন্তর্নিহিত কাঠামোগত দুর্বলতাগুলোর প্রতিকার করতে পারবে। অন্যথায় আজকের অব্যবস্থাপনা আগামী প্রজন্মের জন্য রেখে যাবে আরও গভীরতর এক দেউলিয়াত্বের আশঙ্কা॥

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.