যুক্তরাষ্ট্রে কোকাকোলার জনপ্রিয় পানীয়ের রেসিপিতে বড় পরিবর্তন আসছে। আখের চিনি দিয়ে মিষ্টি করা নতুন ধরনের কোক বাজারে আনছে কোম্পানিটি—একটি পরিকল্পনা যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন।
কোকা-কোলা ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে তাদের মূল পানীয়ে নিয়মিত চিনি (আখ থেকে তৈরি) ব্যবহার করে, তবে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই তারা তুলনামূলক সস্তা কর্ন সিরাপ ব্যবহার করে আসছে। কিন্তু কর্ন সিরাপ নিয়ে স্বাস্থ্য সচেতনদের মধ্যে উদ্বেগ রয়েছে। ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও কর্ন সিরাপের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন, যদিও বিশেষজ্ঞরা বলছেন, পুষ্টিগুণের দিক থেকে আখের চিনি ও কর্ন সিরাপের মধ্যে স্পষ্ট পার্থক্য নেই।
তবুও ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেছিলেন,
“এটা খুব ভালো একটা সিদ্ধান্ত—দেখবেন, এটা আরও ভালো লাগবে!”
মঙ্গলবার (২৩ জুলাই) কোকাকোলা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তাদের ত্রৈমাসিক আপডেটে নিশ্চিত করে যে, তারা এই শরতের মধ্যেই যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে বানানো কোক বাজারে আনবে। এটি মূলত তাদের বিদ্যমান পণ্যের তালিকায় নতুন একটি বিকল্প যোগ করবে।
কোম্পানির সিইও জেমস কিন্সি বলেন,
“গ্রাহকের পছন্দের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি উপাদান ব্যবহারের চেষ্টা করছি। ইতিমধ্যেই আমাদের কিছু পণ্যে (যেমন লেমনেড, কফি, ভিটামিন ওয়াটার) আখের চিনি ব্যবহার করা হচ্ছে।”
ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ আগেই ঘোষণা করেছিলেন যে, কোকা-কোলার সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তারা আখের চিনি ব্যবহারে সম্মত হয়েছে। তার দাবি, বিষয়টি তিনি জানুয়ারিতে কোকা-কোলার সিইওর সাথে আলোচনা করেন এবং ফোনে যুক্ত করেন মিলিয়নিয়ার চিনিচাষি ও রাজনৈতিক অনুদানদাতা হোসে ফানজুলকেও।
কোম্পানির এক মুখপাত্র জানিয়েছিলেন,
“আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহকে সম্মান করি।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আগে থেকেই “মেক্সিকান কোক” নামে একটি সংস্করণ জনপ্রিয়, যেখানে কর্ন সিরাপের পরিবর্তে আখের চিনি ব্যবহার করা হয় এবং এটি কাঁচের বোতলে বিক্রি হয় বেশি দামে। এই সংস্করণটি ২০০৫ সালে বাজারে আসে এবং এর অনুগত ভক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে।
এবার মূল কোকেও সেই ‘রিয়েল সুগার’ ব্যবহার শুরু হলে মার্কিন বাজারে এর প্রভাব কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই এটি ‘বেটার টেস্ট’ হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন।

