জুলাই-আগস্টে ছাত্র ও জনতার অভ্যুত্থানের পর ব্যাংক খাতে তারল্য সংকট নিয়ে নানা আলোচনা হলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে নিট উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৬৭ কোটি টাকা।
প্রতিবেদনে জানানো হয়, জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট তারল্যের পরিমাণ ছিল ৫ লাখ ৭০ হাজার ৬১১ কোটি টাকা। এর বিপরীতে ন্যূনতম প্রয়োজনীয় তারল্য ছিল ৩ লাখ ৪ হাজার ৮৪৪ কোটি টাকা। ফলে নিট উদ্বৃত্ত দাঁড়ায় প্রায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় তারল্য বেড়েছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা। সরকারি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ছিল ৮৮ হাজার ৩৪৫ কোটি টাকা। বেসরকারি ব্যাংকের উদ্বৃত্ত ১ লাখ ৪৩ হাজার ৯৫৪ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর উদ্বৃত্ত ৩৩ হাজার ৯৭ কোটি টাকা। তবে ইসলামী ব্যাংকগুলোতে ৪৩৩ কোটি টাকা এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে ৬২ কোটি টাকার ঘাটতি দেখা গেছে।
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। শুধু জুন মাসেই এসেছে ২ দশমিক ৮২ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে, যেখানে আগের বছর তা ছিল ২৬ দশমিক ৭১ বিলিয়ন ডলার।
ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, সরকার পরিবর্তনের পর কিছু সংস্কারমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিনিয়োগে গতি না আসায় ও উচ্চ সুদের কারণে ব্যবসায়ীরা ঋণ নিতে আগ্রহ হারিয়েছেন। ফলে ব্যাংকে তারল্য বেড়ে গেছে। অর্থনীতিবিদ ও চেঞ্জ ইনিশিয়েটিভ রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, রেমিট্যান্স ও বৈদেশিক ঋণ প্রবাহে রিজার্ভ বেড়েছে। হুন্ডি কমে যাওয়ায় ডলার সংকটও কমেছে। এটি সামগ্রিকভাবে অর্থনীতির জন্য ইতিবাচক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক ৫০৩ মিলিয়ন ডলার বিক্রি করেছে। জুনে ডলারের সর্বোচ্চ দর ছিল ১২২ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর ছিল ১১৮ টাকা।
২০২৫ সালের মে পর্যন্ত সঞ্চয়পত্র বিক্রয়ের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৮৬ কোটি টাকা। এই সময়কালে সরকার নিট ঋণ নিয়েছে ১ লাখ ২০ হাজার ৮৭৬ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১৪ হাজার কোটি টাকা বেশি।

