বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রীসেবার মান উন্নয়ন ও রাজস্ব আদায়ে গতি আনতে ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বেনাপোল কাস্টমস হাউস পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। এ সময় কার্গো ইয়ার্ড, কার্গো ভেহিকল স্ক্যানিং এবং আন্তর্জাতিক চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভা শুরুর আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, “বেনাপোল দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। এটি ট্রেড ফ্যাসিলিটেশনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্যবসায়ীদের যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়তে হয়, তা নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, নিলামযোগ্য ও ধ্বংসযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।
পরিদর্শনের শেষ অংশে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এনবিআর ও কাস্টমসের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে চলতি মাসের ৭ ও ১০ জুলাই এনবিআর চেয়ারম্যান ঢাকা ও পানগাঁও কাস্টমস হাউসও পরিদর্শন করেন।

