রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকটি জানিয়েছে, প্রতিশ্রুত এ অর্থ ব্যয় করা হবে আহত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের জরুরি চিকিৎসা, বার্ন ইউনিটে সেবা এবং পুনর্বাসন কার্যক্রমে।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। আশা করি, আমাদের এ সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের সুস্থ হয়ে ওঠার পথে সহায়তা করবে।’
দুর্যোগের সময় তাৎক্ষণিক সাড়া দেওয়া উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রাইম ব্যাংক। প্রতিষ্ঠানটি জানায়, জাতির যেকোনো সংকটে পাশে থাকার অঙ্গীকার থেকেই ভবিষ্যতেও এমন কঠিন সময়ে সহায়তা অব্যাহত থাকবে।

