১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খোলা ও বহাল রাখতে এবং ১০ লাখ টাকার বেশি ঋণ নিতে সরকার বাধ্যতামূলক করলো আয়কর রিটার্ন দাখিল করা। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত হিসাব খোলা বা বহাল রাখা এবং ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এর বাইরে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়া অন্যান্য ক্ষেত্রে রয়েছে:
- ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা।
- কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়ার ক্ষেত্রে।
- আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন।
- সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন।
- সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন।
- সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রি, লিজ, হস্তান্তর অথবা বায়নানামা ও আমমোক্তারনামা নিবন্ধন।
- চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারসহ স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন।
- মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন, হিন্দু বিবাহ নিবন্ধন আইন এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন।
- ট্রেডবডি বা বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন।
- স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়ন।
- ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়ন।
- যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখা।
- সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ গ্রহণ।
- সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ গ্রহণ।
- লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়ন।
- পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়ন।
- সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তি।
- কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ ও নবায়ন।
- আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ ও নবায়ন।
- আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলা।
- পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ।
গেজেটে আরও উল্লেখ রয়েছে, এই নিয়মে দ্বৈত কর পরিহার চুক্তি সর্বোচ্চ প্রাধান্য পাবে, যা আইনের অন্যান্য বিধানের চেয়ে গুরুত্বপূর্ন। সরকারের এই নির্দেশনা আয়কর দাখিলের হার বৃদ্ধি ও ট্যাক্স রেকর্ড সঠিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

