জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে জনমনে অসন্তোষের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নতুন আর্থিক সহায়তা ও জ্বালানি মূল্যছাড়ের পরিকল্পনা ঘোষণা করেছেন। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আনোয়ার জানান, দেশের ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে ১০০ রিংগিট (প্রায় ২৩.৬৭ ডলার) করে এককালীন নগদ সহায়তা দেওয়া হবে। এই অর্থ বিতরণ শুরু হবে ৩১ আগস্ট থেকে। সরকার ২০২৫ সালে মোট ১৫ বিলিয়ন রিংগিট (প্রায় ৩.৫৫ বিলিয়ন ডলার) নগদ সহায়তা দেবে, যা পূর্বঘোষিত ১৩ বিলিয়নের চেয়ে বেশি।
এই ঘোষণা এল কুয়ালালামপুরে একটি সম্ভাব্য বড় ধরনের বিক্ষোভের প্রাক্কালে। আয়োজকরা বলছেন, মূল্যস্ফীতি বাড়া ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার দায়ে আনোয়ারের পদত্যাগ দরকার। পুলিশের হিসাবে বিক্ষোভে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশ নিতে পারে। আনোয়ার বলেন, “মানুষের অভিযোগ আমি শুনেছি। স্বীকার করছি, জীবনযাত্রার ব্যয় এখনো বড় একটি চ্যালেঞ্জ।” তিনি আরও জানান, দারিদ্র্যপীড়িত জনগণের জন্য অতিরিক্ত সহায়তা কর্মসূচি বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রী জানান, বহুল ব্যবহৃত জ্বালানি আরওএন৯৫-এর ওপর সার্বজনীন ভর্তুকি সংস্কারের দীর্ঘ প্রতীক্ষিত পরিকল্পনার বিস্তারিত আসবে সেপ্টেম্বরের শেষে। নতুন পরিকল্পনা অনুযায়ী, পাম্পে জ্বালানির মূল্য ২.০৫ রিংগিট থেকে কমিয়ে ১.৯৯ রিংগিট করা হবে। তবে বিদেশিদের ক্ষেত্রে দাম নির্ধারিত হবে বাজারদরের ভিত্তিতে।
বিশ্লেষকদের মতে, নগদ সহায়তা ও জ্বালানি ভর্তুকি অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে সহায়ক হতে পারে। তবে এর ফলে বাজেট ঘাটতির চাপও বাড়বে। কেনাঙ্গা ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদ মুহাম্মদ সাইফুদ্দিন সাপুয়ান বলেন, “এই পদক্ষেপগুলো প্রয়োজনীয়, তবে সরকারের রাজস্ব আদায় ও ব্যয়ের ভারসাম্য নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।”

