যুক্তরাষ্ট্রে বড় পরিসরে বিনিয়োগের ধারায় নতুন করে যুক্ত হলো যুক্তরাজ্যভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। কোম্পানিটি সোমবার জানায়, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে গবেষণা ও উৎপাদন সম্প্রসারণে তারা ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, জাপানও যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার এই বিনিয়োগ ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ওষুধ শিল্পে অন্যতম বড় উদ্যোগ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অর্থে ভার্জিনিয়ায় একটি নতুন উৎপাদন কারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ানা ও টেক্সাসে গবেষণা ও কোষ-চিকিৎসা উপাদান উৎপাদনের পরিসর বাড়ানো হবে।
এছাড়া প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল ট্রায়াল সাপ্লাই নেটওয়ার্ক আধুনিকায়ন, নতুন ওষুধ উদ্ভাবন এবং চলমান গবেষণায়ও এই অর্থ ব্যয় হবে। অ্যাস্ট্রাজেনেকা বলেছে, সম্প্রসারণ পরিকল্পনার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বার্ষিক ৮০ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্য তাদের, যার অর্ধেকই আসবে যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে কোম্পানির বার্ষিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। ট্রাম্প প্রশাসনের বারবার শুল্ক আরোপের হুমকি এবং অভ্যন্তরীণ উৎপাদনের ওপর জোর দেওয়ার কারণে বহু ওষুধ কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বাড়াচ্ছে। যদিও ঐতিহাসিকভাবে ওষুধ খাত বাণিজ্য যুদ্ধের বাইরে ছিল।
ট্রাম্প বারবার আহ্বান জানিয়ে আসছেন, ওষুধ কোম্পানিগুলো যেন যুক্তরাষ্ট্রেই উৎপাদন করে এবং আমেরিকানদের জন্য ওষুধের দাম বিশ্বের অন্যান্য দেশের সমান পর্যায়ে আনে। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাসকেল সোরিও বলেন, ‘গবেষণা ও উদ্ভাবনের ব্যয় শুধু যুক্তরাষ্ট্র একা বহন করতে পারে না। অন্য দেশগুলোকেও অংশ নিতে হবে।’
এদিকে, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের দপ্তর বর্তমানে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানির ওপর তদন্ত করছে, যা ভবিষ্যতে নতুন শুল্ক আরোপের পথ তৈরি করতে পারে। লুটনিক বলেন, ‘আমেরিকানরা দীর্ঘদিন বিদেশি ওষুধ সরবরাহের ওপর নির্ভর করেছে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এই কাঠামোগত দুর্বলতা দূর করতেই নেওয়া হচ্ছে।’ যদিও ট্রাম্প কয়েকবার ওষুধ খাতে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তবে চলতি মাসের শুরুতে ইঙ্গিত দেন, কোম্পানিগুলোকে প্রস্তুতির জন্য ১ বছর থেকে ১৮ মাস পর্যন্ত সময় দেওয়া হবে।
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, এই বিনিয়োগ সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিনির্ধারণী প্রেক্ষাপটকে কেন্দ্র করেই নেওয়া। তবে ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা তৈরির জন্য কিছু ব্যয় পূর্বনির্ধারিত ছিল। তারা আরও জানায়, এই ঘোষিত ৫০ বিলিয়ন ছাড়াও ২০২৪ সালের নভেম্বরে ঘোষিত ৩.৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত একটি বিনিয়োগ পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে।
এই অঙ্গীকার ঘোষণার আগে গত এপ্রিলে সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রোশ যুক্তরাষ্ট্রে ঠিক একই পরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা জানায়। পাশাপাশি চলতি বছর ইলাই লিলি, জনসন অ্যান্ড জনসন, নোভার্টিস ও সানোফিসহ আরও কয়েকটি ওষুধ কোম্পানি যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

