বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক নিয়ে টানাপোড়েন যেন আরেক দফায় জটিল মোড় নিচ্ছে। একাধিকবার আলোচনার সময় চেয়েও কোনো সাড়া না পেয়ে অবশেষে ২৭ জুলাই রবিবার চূড়ান্ত বৈঠকের প্রস্তাব দিয়ে ওয়াশিংটনের দরজায় আরেকবার কড়া নাড়লো বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য এই সময় নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর-এ। এবার সময় চেয়ে শুধু অনুরোধ নয়—একেবারে নির্দিষ্ট তারিখ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির খসড়ার আলোকে আমরা আমাদের অবস্থানপত্র পাঠিয়েছি। সেইসঙ্গে ২৭ জুলাই বৈঠকের জন্য সময় চেয়ে চিঠিও দিয়েছি। তারা যদি সময় দেয়, আমরা প্রস্তুত। না দিলে, তাদের সুবিধাজনক সময়ে যেতে হবে।”
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক চুক্তির খসড়া পাঠিয়ে জানানো হয়—বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে। সেই প্রেক্ষিতে আলোচনার জন্য বাংলাদেশ ২১ জুলাই প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুতি নিয়েছিল। বিমানের টিকিট পর্যন্ত বুক করা হয়।
কিন্তু হঠাৎই ইউএসটিআর এক ইমেইলে জানিয়ে দেয়, তারা আপাতত ব্যস্ত। পূর্বনির্ধারিত সময় বাতিল করে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, তারা অন্যান্য দেশের সঙ্গেও বাণিজ্য আলোচনা নিয়ে প্রস্তুতিতে আছে।
এই ঘটনার পেছনে দ্বিতীয় দফা আলোচনার অভিজ্ঞতাও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে হাজির ছিলেন প্রায় ৩০-৪০ জন কর্মকর্তা, আর বাংলাদেশের প্রতিনিধি দল ছিল মাত্র তিন-চার জনের। অসম এই পরিস্থিতিতে কোনো শক্ত অবস্থান নিতে পারেনি বাংলাদেশ। তাই এবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে বড় একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ তৈয়ব, বাণিজ্য সচিব সহ অনেকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নতুন ট্যারিফ কার্যকর হওয়ার কথা ১ আগস্ট থেকে। অর্থাৎ আলোচনার জন্য হাতে সময় মাত্র আট দিন। এর মধ্যে আলোচনা না হলে বা চুক্তি না হলে, বর্তমান শুল্কই বহাল থাকবে—যা বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সময় না দিলে আমাদের সামনে কোনো বিকল্প থাকবে না। তারা যদি তারিখ না পেছায়, তাহলে আমাদের ৩১ জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরে সম্মত হতে হবে।”
যুক্তরাষ্ট্রের চুক্তির খসড়ায় কিছু অ-বাণিজ্যিক শর্ত রয়েছে—যা বাংলাদেশ মানতে নারাজ। তবে সরাসরি না বলে কৌশলী অবস্থান নিয়েছে বাংলাদেশ। সরকার সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রে শুল্ক কমানোর বিনিময়ে দেশটি থেকে সরকারি পর্যায়ে (G2G) আমদানি বাড়াবে, কিন্তু নন-কমার্শিয়াল বা রাজনৈতিক ধরণের শর্ত মানবে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “যেসব শর্ত দীর্ঘমেয়াদে পূরণযোগ্য, সেগুলোর জন্য ৫ থেকে ১০ বছরের সময় চাওয়া হবে। সরাসরি ‘না’ না বলে সময় চাওয়াটা কৌশলগতভাবে কার্যকর।”

