বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে ৯০ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটি আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে বিধিবহির্ভূত বিনিয়োগ করেছে বলে অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেয়া হয়।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির ৯৬৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন। আজ বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট টেক্সটাইল আইপিও অনুমোদনের শর্ত লঙ্ঘন করে ৮০ কোটি ১১ লাখ টাকা সুদসহ ব্যবহার করেছে। এই অর্থ কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান লেগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণে কাজে লাগানো হয়েছে। যেহেতু এই বিনিয়োগ আইপিও প্রস্তাবে উল্লেখ ছিল না, তাই এটি সরাসরি বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে।
এই অনিয়মের কারণে রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত না দিলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালকের বিরুদ্ধে অর্থ জরিমানা আরোপ করা হবে।
জরিমানা কার্যকর হবার ক্ষেত্রে সংশ্লিষ্ট ৫ পরিচালক হলেন:
- ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব
- পরিচালক মো. ইয়াকুব আলী
- পরিচালক মো. ইয়াসিন আলী
- পরিচালক তানভীর হাবিব
- পরিচালক মাশরুফ হাবিব
প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে ব্যর্থ হলে, প্রত্যেক পরিচালকের ওপর ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা জরিমানা আরোপ করা হবে।

