সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (২৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯৮৬ কোটি টাকা ছাড়িয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন বাজারে সব মূল্য সূচকের উত্থান হয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ৯৩ দশমিক ৩৭ পয়েন্ট। দিন শেষে সূচকটি দাঁড়ায় ৫ হাজার ৩৬৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক বেড়েছে ৫৬ দশমিক ৩১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক বেড়েছে ১৬ দশমিক ৮০ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ বুধবার ডিএসইতে মোট ৯৮৬ কোটি ৫৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই অঙ্ক ছিল ৭২২ কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১০২টির কমেছে এবং ৭৯টি কোম্পানির শেয়ারদরে কোনো পরিবর্তন হয়নি।

