জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ সীমিত হয়ে পড়ায় অনলাইনে তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা কার্যত বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে দেশের প্রায় সব ব্যাংক। প্রবাসীদের জন্যও অনলাইনে অ্যাকাউন্ট খোলার পথ বন্ধ হয়ে গেছে। এমনকি সনাতন পদ্ধতিতেও হিসাব খুলতে সমস্যা দেখা দিচ্ছে।
জাতীয় তথ্যভান্ডার পরিচালনা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কয়েক দফা তথ্য ফাঁসের ঘটনায় নিরাপত্তা ও তথ্য অপব্যবহার রোধে সম্প্রতি তারা তথ্য যাচাই সীমিত করেছে। গত সপ্তাহে অনেক ব্যাংকের সার্ভারে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবর্তে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহারের অনুমতি, যেখানে কেবল নাম, জন্মতারিখ ও এনআইডি নম্বর যাচাই করা যায়।
তবে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ তিন তথ্যের ওপর ভিত্তি করে হিসাব খুলতে দিচ্ছে না। কারণ, এপিআইয়ের বাকি তথ্য বাংলা ভাষায় থাকায় ব্যাংকের সফটওয়্যার সেগুলো স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারছে না। ফলে তৈরি হয়েছে জটিলতা। এ নিয়ে ইসি, বিএফআইইউ ও ব্যাংকগুলোর মধ্যে একাধিকবার বৈঠক হলেও সমাধান মেলেনি।
বেশির ভাগ ব্যাংকেরই নিজস্ব অ্যাপ রয়েছে তাৎক্ষণিক হিসাব খোলার জন্য। যেমন ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ্–বাংলার নেক্সাস পে, সিটি ব্যাংকের এখনই অ্যাকাউন্ট, সোনালী ব্যাংকের ই-সেবা, এমটিবি’র সিম্পল অ্যাকাউন্ট, ইবিএল ইন্সটা অ্যাকাউন্ট, ব্র্যাক ব্যাংকের অ্যাপ ইত্যাদি। কিন্তু এনআইডি যাচাইয়ে সীমাবদ্ধতা আসায় এসব সেবা বন্ধ হয়ে যাচ্ছে।
নতুন এপিআই ব্যবস্থায় আঙুলের ছাপ মেলানোর সুযোগ নেই। শুধু নাম, জন্মতারিখ ও এনআইডি নম্বর ইনপুট দিলেই জানানো হয় তথ্য ‘ম্যাচ’ করেছে কি না। আগে পুরো তথ্য পাওয়া যেত—যেমন, পিতা-মাতার নাম, ছবি, ঠিকানা। এখন ব্যাংককে আলাদাভাবে ওই তথ্য ইনপুট দিতে হয় এবং সেগুলোর মিল জানায় কেবল জেলা বা উপজেলার পর্যায়ে। এতে জটিলতা বেড়েছে। অনেক সময় ফন্টের পার্থক্যেও সমস্যা তৈরি হচ্ছে। ব্যাংকগুলোতে বাংলা ভাষার ব্যবহার কম হওয়ায় তারা কার্যত থমকে গেছে।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘অনলাইনে যাচাই করতে না পারায় তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। এখন ম্যানুয়ালি যাচাই করতে হচ্ছে, এতে সময় লাগছে। আমরা প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছি। তবে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে দ্রুত সমাধান দরকার।’
২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির পর এনআইডি তথ্যভান্ডার গড়ে ওঠে। পরবর্তীতে শতাধিক প্রতিষ্ঠানকে সরাসরি সার্ভার থেকে তথ্য যাচাইয়ের সুবিধা দেওয়া হয়। ২০২০ সালে বিএফআইইউ ইলেকট্রনিক কেওয়াইসি (ই-কেওয়াইসি) নীতিমালা চালু করে, যেখানে আঙুলের ছাপ ৮০ শতাংশ মিলে গেলে হিসাব খোলার অনুমতি ছিল। ফলে দেশে ডিজিটাল ব্যাংকিং ও প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় গতি আসে। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার তথ্য ফাঁসের ঘটনা ঘটায় ইসি নিরাপত্তার কথা বলে সার্ভার বন্ধের সিদ্ধান্ত নেয়। চলতি সপ্তাহ থেকে তা কার্যকর হয়েছে।
৪ জুন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (এবিবি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেয়। চিঠিতে বলা হয়, ৮ ধরনের তথ্য মিলে গেলে যেন ছবি ও পূর্ণ পরিচয়পত্র নম্বর এপিআইয়ে পাওয়া যায়। এছাড়া গ্রাহকের নাম, এনআইডি নম্বর ও জন্মতারিখ ইংরেজিতে ইনপুট দিলেই যেন সব তথ্য মেলে—এমন অনুরোধ জানায় তারা। আঙুলের ছাপ মেলানোর সুযোগ আবার চালু করতেও প্রস্তাব দেওয়া হয়। সেই সঙ্গে সার্ভার প্রবেশাধিকার ৩০ জুলাই পর্যন্ত চালু রাখার দাবিও জানানো হয়।

