সরকার দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য রাশিয়া, কানাডা ও মরক্কোর তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ৪০ হাজার টন সার কিনবে। এ ব্যবস্থায় খরচ হবে ৮৯২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা। গতকাল সচিবালয়ে অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাশিয়ার জেএসসি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার টন এমওপি সার আমদানি অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৫১.৫০ ডলার।
একইভাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য খরচ হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৫৭৪.৫০ ডলার। এছাড়া মরক্কোর একই প্রতিষ্ঠানের কাছ থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা এবং প্রতি টন সারের দাম নির্ধারণ হয়েছে ৭৭০ ডলার।
কানাডার কমার্শিয়াল করপোরেশন ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাবও কমিটি অনুমোদন করেছে। এর জন্য বাজেট ধরা হয়েছে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা। প্রতি টন সারের দাম এখানে ৩৫১.৫০ ডলার। এছাড়া গতকাল ক্রয় কমিটির সভায় এলএনজি ও মসুর ডাল কেনার কয়েকটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুসারে, সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্পট মার্কেটের মাধ্যমে গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি ৫১৩ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৭৮ টাকায় কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১২.২২ ডলার।
সিঙ্গাপুরের আরেক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে দ্বিতীয় কার্গো এলএনজি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ৫২২ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৭৬৯ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১২.৪৩ ডলার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সাত হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। প্রতি কেজি ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৮৮ পয়সা। ডালটি কেবিসি এগ্রো প্রডাক্টস প্রাইভেট লিমিটেড থেকে ক্রয় করা হবে।

