মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে ২০২৫ সালে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ২ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বলেছে, ২০২৬ সালে এই বৃদ্ধি আরও বাড়ে ৩.৫ শতাংশে পৌঁছাতে পারে। প্রধান কারণ হলো শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের ব্যবহার বাড়ছে।
আইইএর পূর্বাভাসে দেখা গেছে, ২০২৬ সালে বিশ্বব্যাপী গ্যাসের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। ওই বছরে বার্ষিক চাহিদা বাড়ার হার ২ শতাংশ হতে পারে, যা ২০২৫ সালের ১.৩ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে বেশি। এর আগে বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৫ সালে গ্যাসের চাহিদা কিছুটা স্থিতিশীল থাকতে পারে। তবে ২০২৬ সালে এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের বাজারে চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আইইএর জ্বালানি বাজার ও নিরাপত্তা বিভাগের পরিচালক কেইসুকে সাদামোরি বলেন, “বৈশ্বিক গ্যাস বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে, বিশেষ করে এশিয়ার চাহিদা বাড়াতে পারে। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে পূর্বাভাসে কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালে এশিয়ায় গ্যাসের চাহিদা ৪ শতাংশেরও বেশি বাড়তে পারে। অন্যদিকে ইউরোপে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ায় গ্যাসের চাহিদা ২ শতাংশ কমে আসার সম্ভাবনা আছে।

