গত দশ বছরে ভারত থেকে মোবাইল ফোন রপ্তানি ১২৭ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকার। এ তথ্য গতকাল ভারতের সংসদে প্রকাশ করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, ২০১৪-১৫ অর্থবছরে মোবাইল ফোন রপ্তানি ছিল মাত্র ১,৫০০ কোটি টাকা। কিন্তু ২০২৪-২৫ সালে তা ছাড়িয়ে গেছে ২ লাখ কোটি টাকাকে।
মন্ত্রী আরও বলেন, ২০১৪-১৫ সালে দেশের মোবাইল ফোন চাহিদার ৭৫ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করা হত। কিন্তু ২০২৪-২৫ সালে তা মাত্র ০.০২ শতাংশে নেমে এসেছে। ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃত।

