Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতিতে স্থবিরতা কেটে ঘুরে দাঁড়ানোর পথ কী?
    অর্থনীতি

    অর্থনীতিতে স্থবিরতা কেটে ঘুরে দাঁড়ানোর পথ কী?

    কাজি হেলালজুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হেলাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এক গভীর স্থবিরতার মধ্য দিয়ে অতিক্রম করছে। একসময় যে অর্থনীতি ধারাবাহিক প্রবৃদ্ধির মাধ্যমে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছিল, আজ তা নানা অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপে হুমকির মুখে পড়েছে। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কর্মসংস্থানের ঘাটতি এবং ব্যাংকিং খাতের দুর্বলতা, সব মিলিয়ে অর্থনৈতিক কাঠামো এখন স্পষ্টভাবে চাপের মধ্যে। একদিকে যেমন আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে অভ্যন্তরীণ দুর্নীতি, নীতিগত অসঙ্গতি ও পরিকল্পনার ঘাটতি সমস্যাকে আরও গভীরতর করেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন জাগে এই স্থবিরতা কাটিয়ে ওঠার পথ কী? ঘুরে দাঁড়াতে আমাদের কী করতে হবে? এই প্রতিবেদনে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে বাস্তবতা, তথ্য ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে।

    বর্তমান অর্থনৈতিক চিত্র: বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক জটিল ও চাপপূর্ণ সময় অতিক্রম করছে। কিছু ক্ষেত্রে উন্নয়নের ইতিবাচক ধারা বজায় থাকলেও সামগ্রিক চিত্রটি বেশ উদ্বেগজনক। একসময় ৪৮ বিলিয়ন ডলারের ওপরে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন নেমে এসেছে ১৯ থেকে ২০ বিলিয়নের ঘরে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য স্পষ্ট হুমকি। ডলার সংকটের কারণে আমদানির ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে, ফলে এলসি (ঋণপত্র) খোলায় জটিলতা তৈরি হয়েছে। এতে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, বিশেষ করে যেসব খাত আমদানিনির্ভর কাঁচামালের ওপর নির্ভরশীল।

    রপ্তানি আয় কিছুটা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত এবং আশানুরূপ নয়। বিপরীতে প্রবাসী আয়ের বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাচ্ছে, যা বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ কমিয়ে দিচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা আয়ের এক বড় উৎসেও ভাটা পড়েছে।

    সরকার ২০২৫ সালের বাজেটে ৭ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বাস্তবতা তার চেয়ে ভিন্ন। আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসে বলা হচ্ছে, প্রবৃদ্ধির হার ৪ থেকে ৫ শতাংশের কাছাকাছি থাকতে পারে, এমনকি কোনো কোনো পূর্বাভাসে তা ৪ শতাংশেরও নিচে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পেছনে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক অনিশ্চয়তা এবং জ্বালানির ঘাটতির মতো বিষয়গুলো বড় ভূমিকা রাখছে।

    মূল্যস্ফীতি বর্তমানে দেশের সবচেয়ে বড় মাথাব্যথার জায়গাগুলোর একটি। খাদ্যপণ্য, গ্যাস, বিদ্যুৎ ও বাসস্থানের খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। সরকারি হিসাব অনুযায়ী মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশ হলেও বাস্তব বাজারচিত্র বলছে এই হার ১২–১৫ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

    অন্যদিকে ব্যাংকিং খাতেও বাড়ছে অস্থিরতা। খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, অনেক ব্যাংকে মূলধনের ঘাটতি দেখা যাচ্ছে। আমানতের সুদের হার এবং ঋণের সুদের হারে ভারসাম্য না থাকায় মানুষ ব্যাংকে টাকা রাখতে আগ্রহ হারাচ্ছে, ফলে ব্যাংকের তারল্য সংকট আরও ঘনীভূত হচ্ছে। একইসাথে দেখা যাচ্ছে অর্থ পাচারের প্রবণতা, যা কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক শৃঙ্খলারও বিপর্যয় ঘটাচ্ছে।

    বিনিয়োগ পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। রাজনৈতিক অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদ অবস্থান নিতে শুরু করেছেন। অনেকেই তাদের বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করছেন, যার ফলে নতুন শিল্প ও কর্মসংস্থানের সম্ভাবনাও স্থবির হয়ে পড়ছে।

    তবে এই চিত্রের মাঝে কিছু ইতিবাচক দিকও রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি হার ছিল ৬ শতাংশের ওপরে, যা এই অঞ্চলের অনেক দেশের তুলনায় এখনো ভালো। তৈরি পোশাক খাত এখনো রপ্তানি আয়ের প্রধান উৎস হিসেবে ভূমিকা রাখছে এবং কৃষি খাতও নানা প্রতিকূলতার মাঝেও উৎপাদন ধরে রাখতে সক্ষম হয়েছে।

    সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের অর্থনীতি এখন এক চ্যালেঞ্জিং সময়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে প্রয়োজন বাস্তবভিত্তিক, সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ। সুশাসন, নীতিনির্ধারণে স্বচ্ছতা এবং দক্ষ ব্যবস্থাপনা ছাড়া অর্থনীতিকে স্থবিরতা থেকে টেনে তোলা সম্ভব নয়। তাই সংকটের গভীরতা যতই হোক, সমাধানের পথ খোলা আছে, যদি নেতৃত্ব আসে দূরদর্শিতার হাত ধরে।

    অর্থনীতির স্থবিরতার কারণসমূহ: বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক স্থবিরতার পেছনে একাধিক গভীর ও পারস্পরিকভাবে সম্পর্কিত কারণ কাজ করছে। প্রথমতঃ দেশের রাজস্ব আদায়ের হার এখনো জিডিপির তুলনায় খুবই কম, যা সরকারের বাজেট বাস্তবায়নে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। দুর্বল রাজস্ব ব্যবস্থাপনার কারণে সরকার অধিকাংশ সময়েই উচ্চ বাজেট ঘাটতির মুখে পড়ে এবং এই ঘাটতি পূরণে বারবার অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হয়। এর ফলে দেশের ঋণভার বাড়ে এবং সুদের চাপ অর্থনীতির ওপর বাড়তি বোঝা তৈরি করে।

    এদিকে দীর্ঘ সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলেছে। খাদ্যপণ্য, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি মানুষের ক্রয়ক্ষমতা সংকুচিত করেছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নাগরিকদের খরচের প্রবণতা কমিয়ে দিয়েছে, ফলে সামগ্রিক অভ্যন্তরীণ চাহিদাও হ্রাস পেয়েছে, যা অর্থনীতির গতিকে মন্থর করেছে।

    রাজনৈতিক অস্থিরতা ও নীতিগত অনিশ্চয়তাও বড় ধরনের প্রভাব ফেলেছে ব্যবসা ও বিনিয়োগ সিদ্ধান্তে। একদিকে রাজনৈতিক পরিবেশে অনিশ্চয়তা, অন্যদিকে দীর্ঘসূত্রতা ও দুর্নীতিতে জর্জরিত আমলাতান্ত্রিক কাঠামো, বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করে দিয়েছে। ফলে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগেই স্থবিরতা দেখা দিয়েছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহও হ্রাস পেয়েছে, বিশেষ করে যখন সুদের হার একাধিকবার পরিবর্তিত হয়েছে এবং ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছে। এতে নতুন শিল্প, প্রকল্প বা কর্মসংস্থান তৈরির সুযোগ কমে গেছে।

    আন্তর্জাতিক প্রেক্ষাপটও বাংলাদেশের অর্থনীতিকে চাপে ফেলেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত, খাদ্য ও জ্বালানির আন্তর্জাতিক মূল্যের অস্থিরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধির কারণে বৈদেশিক ঋণের খরচ বেড়ে গেছে। বাংলাদেশকেও ডলারে ঋণ পরিশোধে বাড়তি চাপ মোকাবিলা করতে হচ্ছে।

    অন্যদিকে আবাসন খাতে নতুন উন্নয়ন নিয়ন্ত্রণ পরিকল্পনা (ড্যাপ) নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। অনেক ব্যবসায়ীর অভিযোগ, নতুন ড্যাপের কারণে উচ্চভূমি উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে এবং আবাসন খাতে বিনিয়োগ কমছে, যার প্রভাব পরোক্ষভাবে নির্মাণ খাত ও সংশ্লিষ্ট শিল্পগুলোকেও স্থবির করে তুলছে।

    সবচেয়ে উদ্বেগজনক হলো, এই প্রতিটি সংকট একে অপরকে ঘনীভূত করছে। যেমন: মূল্যস্ফীতির ফলে চাহিদা কমছে, চাহিদা কমায় বিনিয়োগে আগ্রহ হ্রাস পাচ্ছে, বিনিয়োগ কমলে কর্মসংস্থান কমে যায়, আর কর্মসংস্থান কমে গেলে মানুষের আয় কমে, ফলে চাহিদাও আরও হ্রাস পায়। এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন সুদূরপ্রসারী, কার্যকর এবং সমন্বিত নীতি গ্রহণ।

    সুতরাং বলা যায়, অর্থনৈতিক স্থবিরতা কেবল কোনো একক সমস্যার ফল নয়, বরং এটি একটি জটিল বাস্তবতা যেখানে অভ্যন্তরীণ দুর্বলতা ও বৈশ্বিক চাপ একসাথে মিলিত হয়েছে। এই বাস্তবতাকে মাথায় রেখে যদি দ্রুত, কার্যকর ও সাহসী পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে এই স্থবিরতা দীর্ঘমেয়াদে আরও গভীর সংকটে রূপ নিতে পারে।

    ঘুরে দাঁড়ানোর উপায়: বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যেমন বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপ রয়েছে, অন্যদিকে অভ্যন্তরীণ দুর্বলতা, দুর্নীতি, বিনিয়োগ স্থবিরতা ও রাজনৈতিক অস্থিরতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এই অবস্থায় অর্থনীতিকে স্থিতিশীল পথে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন হবে সুপরিকল্পিত, বাস্তবভিত্তিক এবং দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপ, যার মধ্যে সরকার, বেসরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

    প্রথমতঃ বিনিয়োগ পরিবেশে আমূল পরিবর্তন আনতে হবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতা, নীতিনির্ধারণে ধারাবাহিকতা, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো এবং অবকাঠামোগত উন্নয়ন জরুরি। শুধু ট্যাক্স ছাড় বা প্রণোদনা দিয়ে বিনিয়োগ বাড়ানো যাবে না, বরং প্রয়োজন ব্যবসা সহজীকরণ ও সময়মতো সেবা নিশ্চিত করার বাস্তব ব্যবস্থা। বিদ্যুৎ, গ্যাস এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অর্থনৈতিক গতিশীলতার জন্য অপরিহার্য।

    কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন শিল্প-কারখানা স্থাপন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা বাড়াতে হবে। পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে এমন একটি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে, যারা বর্তমান ও ভবিষ্যতের শ্রমবাজারে প্রতিযোগিতামূলকভাবে কাজ করতে পারবে। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা তৈরি করার পরিবেশ গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    অর্থনৈতিক স্থিতিশীলতার আরেকটি মূল চাবিকাঠি হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এর জন্য বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে, অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের হাতে সহজে ঋণ ও প্রযুক্তি পৌঁছে দিতে হবে। একইসঙ্গে ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিক রাখতে হবে, যেন ব্যবসা ও উৎপাদনে গতিশীলতা আসে।

    রপ্তানি খাতে বহুমুখীকরণ জরুরি। তৈরি পোশাক খাতের বাইরে তথ্যপ্রযুক্তি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হালকা প্রকৌশল পণ্যের মতো খাতে রপ্তানির সুযোগ তৈরি করতে হবে। রপ্তানিযোগ্য পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বাড়াতে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা জরুরি। নতুন বাজার খুঁজে বের করতে কূটনৈতিক তৎপরতা এবং বাণিজ্য মিশনগুলোকে আরও সক্রিয় করতে হবে।

    অর্থনীতিকে দুর্বল করে দেওয়া আরেকটি বড় বাঁধা হলো দুর্নীতি ও সুশাসনের অভাব। একদিকে যেমন দুর্নীতি প্রশাসনিক কাঠামোকে ভঙ্গুর করে তুলেছে, অন্যদিকে বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে। দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত অর্থে স্বাধীন ও কার্যকর করতে হবে, সরকারি ব্যয়ের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে অটল থাকতে হবে।

    একটি কার্যকর অর্থনীতি গড়ে তুলতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। সহনশীল রাজনীতি, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন এবং আইনের শাসন, বিনিয়োগ ও উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। রাজনৈতিক বিভাজন ও সংঘাতের কারণে যদি উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়, তাহলে অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব হয়ে দাঁড়ায়।

    অন্যদিকে বেসরকারি খাতকে জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে দেখতে হবে। তাদের সুযোগ-সুবিধা ও সমস্যার বাস্তব সমাধান দিতে পারলে তারা আরও বৃহৎ পরিসরে বিনিয়োগ করতে আগ্রহী হবে। একইসাথে দরিদ্র ও প্রান্তিক জনগণের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও বিস্তৃত করতে হবে যেন অর্থনৈতিক সংকটের প্রভাব তাদের ওপর অতিরিক্তভাবে না পড়ে।

    পরিশেষে বলা যায়, একটি শক্তিশালী ও কার্যকর অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। পরিকল্পনাগুলো হতে হবে সময়োপযোগী, প্রমাণভিত্তিক এবং ভবিষ্যৎমুখী। প্রয়োজনে একাধিক মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় একটি কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি করতে হবে। নিয়মিতভাবে উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি মনিটরিং করতে হবে এবং ভুল হলে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা রাখতে হবে।

    সামগ্রিকভাবে অর্থনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে অল্প সময়ের সঠিক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। তাই সংকটকে শুধু প্রতিকূলতা হিসেবে না দেখে, সেটিকে সম্ভাবনার সুযোগ হিসেবে কাজে লাগানোই হবে বাস্তব বুদ্ধিমত্তার পরিচয়।

    বাংলাদেশের অর্থনীতি এখন একটি কঠিন ও সংকটপূর্ণ সময় পার করছে। দীর্ঘদিনের অর্জন ও সম্ভাবনার ভাণ্ডার থাকা সত্ত্বেও বৈশ্বিক মন্দা, অভ্যন্তরীণ দুর্বলতা, নীতিগত অস্থিরতা ও সুশাসনের অভাবে অর্থনীতির চাকা এখন অনেকটাই মন্থর। তবে এই স্থবিরতা চিরস্থায়ী নয়, যদি আমরা সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এখন প্রয়োজন সাহসী রাজনৈতিক সদিচ্ছা, বাস্তবমুখী পরিকল্পনা এবং সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ ও সাধারণ নাগরিক, সবাইকে একযোগে কাজ করতে হবে একটি স্বচ্ছ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য।

    সাময়িক দুর্বলতা কাটিয়ে উঠা সম্ভব, যদি আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি এবং সংকটকে শুধুই সমস্যা না ভেবে একটি নতুন সূচনার সুযোগ হিসেবে গ্রহণ করি। যেকোনো অর্থনৈতিক উত্তরণের কেন্দ্রবিন্দুতে থাকে জনগণের আস্থা ও অংশগ্রহণ। সেই আস্থা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে একটি টেকসই, উদ্ভাবননির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.