বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়েছে এমন অভিযোগকে ‘সম্পূর্ণ অবান্তর’ বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে এমন দাবি ওঠে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশ নিজের স্বার্থকে পিছনে ঠেলে কিছু বাড়তি সুবিধা দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই। তবে আমি আপনার মতোই একজন বাংলাদেশি। দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আমরা কেন কাজ করবো? এটি একেবারেই অবান্তর প্রশ্ন।”
তিনি আরও বলেন, “যদি দেশের স্বার্থ ক্ষুণ্ন করার উদ্দেশ্য থাকত, তাহলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের দরকার হতো না। সরাসরি নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজ শেষ করে ফেললেই হতো। যখন স্বার্থ রক্ষার প্রশ্ন আসে, তখনই তো আলোচনার, মতামত নেওয়ার ও পরিশ্রমের প্রয়োজন হয়।”

