বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত শুল্ক ইস্যুতে চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ জুলাই। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠক সশরীরে নয়, অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায় এবং চলবে সাড়ে ১০টা পর্যন্ত। দুই ঘণ্টা ত্রিশ মিনিটের এই বৈঠকে উভয় পক্ষ আগেই প্রস্তুত করা খসড়া প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। আলোচনা হবে শুল্ক নিয়ে দ্বিপক্ষীয় দর-কষাকষির ফ্রেমওয়ার্কে।
বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান জানান, “যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের (ইউএসটিআর) সঙ্গে বৈঠকটি হবে মূলত টেকনিক্যাল পর্যায়ে। তবে এর কূটনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব দিলেও আমরা চাচ্ছি সশরীরে আলোচনার ব্যবস্থা করতে।”
বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হওয়ার আর মাত্র দুই দিন বাকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই এক চিঠিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের সিদ্ধান্ত জানিয়ে দেন। এতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে পারে। এর ফলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের ধাক্কা লাগতে পারে।
এর আগে দুই দফা আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। তাই এই বৈঠককে শেষ মুহূর্তের কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, “আমরা আশাবাদী। যা যা করণীয়, তা আমরা করছি। আমাদের কাছে মনে হচ্ছে, ভালো কিছু হবে ইনশা আল্লাহ।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাণিজ্য উপদেষ্টা প্রথমে ২৫ জুলাইয়ের সম্ভাব্য তারিখ জানান। পরে তা পরিবর্তন করে ২৯ জুলাই চূড়ান্ত করা হয়।

