দেশের শিল্প খাত ধীরে ধীরে গতি হারাচ্ছে। উচ্চ সুদের হার, ডলার সংকট ও বৈশ্বিক প্রতিযোগিতার চাপে নতুন কারখানা গড়ার স্বপ্ন থেকে পিছিয়ে আসছেন উদ্যোক্তারা। আগের মতো আর কেউ বলছেন না, “নতুন লাইন চালু করব, আধুনিক যন্ত্র আনব।” বরং এখন ভাবনা—“ব্যাংকের কিস্তি মেটাতে পারব তো?”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি আগের বছরের তুলনায় ২০ শতাংশ কমেছে। এতে ভবিষ্যতে উৎপাদন কমার পাশাপাশি কর্মসংস্থান সংকটও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রপ্তানিতে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের সম্ভাবনায় বড় ধরনের সংকটে পড়েছে ১,৩২২টি কারখানা। প্রায় ৭ বিলিয়ন ডলারের বাজার এবং ১৪ লাখ শ্রমিকের জীবিকা এখন হুমকির মুখে।
বিজিএমইএ, বিকেএমইএ ও অন্যান্য উদ্যোক্তা সংগঠনগুলো বলছে, দ্রুত বিকল্প বাজার খোঁজা ও কূটনৈতিক উদ্যোগ না নিলে তৈরি পোশাক খাত বড় ধাক্কা খাবে। এরই মধ্যে ওয়ালমার্ট বাংলাদেশ থেকে কিছু অর্ডার স্থগিত করেছে বলে জানান প্যাট্রিয়ট ইকো অ্যাপারেলের এমডি ইকবাল হোসেন।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত না করায় সময় ও সুযোগ নষ্ট হয়েছে। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ৪০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত আরোপ হলে ওভেন গার্মেন্টস রপ্তানিতে মারাত্মক প্রভাব পড়বে।
প্লাস্টিক কারখানার এক মালিক জানান, ‘উৎপাদন মানেই এখন শুধু ঝুঁকি।’ তাই অনেকে ব্যবসা ছেড়ে প্রপার্টি বা রিয়েল এস্টেট খাতে ঝুঁকছেন।
বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, হরতাল ও অবরোধের হুমকিতে উদ্যোক্তারা আস্থা হারাচ্ছেন।
এফবিসিসিআইর সাবেক সহসভাপতি মোস্তফা আজাদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বেকার হয়েছেন লাখো শ্রমিক।
বর্তমানে ব্যাংকঋণের সুদের হার ১৩ থেকে ১৬ শতাংশ। এতে ঋণের খরচ বেড়ে গেছে, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য।
শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, রপ্তানিতে প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের উচিত ভর্তুকিযুক্ত ঋণ ও বিকল্প অর্থায়নের সুযোগ বাড়ানো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সদ্য সমাপ্ত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়কালে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ১৯.৬ শতাংশ। বেসরকারি ঋণ প্রবৃদ্ধি মে মাসে কমে দাঁড়িয়েছে ৭.১৭ শতাংশ, যা সাত মাস ধরেই ৮ শতাংশের নিচে।
ময়মনসিংহ, কুমিল্লা ও নড়াইলে ছোট কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বিসিক সূত্র জানায়, নতুন প্লট বরাদ্দ ৩৫ শতাংশ কমে গেছে।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ জানান, ক্ষুদ্র উদ্যোক্তারা মূলধন, কাঁচামাল ও জ্বালানির সংকটে সীমিতভাবে ব্যবসা চালাচ্ছেন।
প্রাণ, ক্রাউন সিমেন্টসহ বড় শিল্পগোষ্ঠীগুলো ব্যাংকঋণের উচ্চ সুদ, আমদানি ব্যয় ও আন্তর্জাতিক অনিশ্চয়তায় হিমশিম খাচ্ছে। কেউ কেউ প্রকল্প স্থগিত করেছে, আবার কেউ কর্মী ছাঁটাই ও উৎপাদন কমিয়ে দিয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক অস্থিরতা, জ্বালানির অনিয়মিত সরবরাহ, কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং ডলার সংকট ব্যবসার খরচ বাড়িয়ে দিয়েছে।
নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশিদুল হাসান রিন্টু বলেন, ‘ব্যবসার পরিবেশ উন্নয়নে রাজনৈতিক ঐক্যমত্য, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ নিশ্চিত করতে হবে।’

