যুক্তরাষ্ট্র ও বাণিজ্য অংশীদারদের মধ্যে আলোচনা ইতিবাচক দিকে যাচ্ছে। এতে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে। তবে ডলারের মান দুর্বল থাকায় স্বর্ণের দাম খুব বেশি পড়ে যায়নি।
শুক্রবার (২৫ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৩,৩৬০.৬৮ ডলারে। এ সময় মার্কিন স্বর্ণের ফিউচারও ০.৩ শতাংশ কমে ৩,৩৬৩ ডলারে লেনদেন হয়।
ওন্ডার সিনিয়র বিশ্লেষক কেলভিন ওং বলেন, “বাজারে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ দেখা দিয়েছে। ফলে স্বল্পমেয়াদি বিনিয়োগকারীরা কিছু মুনাফা তুলে নিচ্ছেন।” তবে তাঁর মতে, ডলারের দুর্বলতা ও সুদহার কমানোর সম্ভাবনা থাকায় স্বর্ণের দাম ৩,৩৬০ ডলারের আশপাশে স্থিতিশীল রয়েছে।
ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে। এই চুক্তির আওতায় ইইউ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ হতে পারে, যা জাপানের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক চুক্তির আদলে হবে।
বাণিজ্য উত্তেজনা প্রশমনের ইঙ্গিতে বিনিয়োগকারীরা আবার ঝুঁকি নিতে আগ্রহী হয়ে উঠেছেন। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক পৌঁছেছে নতুন রেকর্ড উচ্চতায়। একই সময়ে ডলারের মান এক মাসের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কিছুটা সস্তা হয়েছে।
তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেকারভাতার আবেদন অপ্রত্যাশিতভাবে কমেছে। শ্রমবাজার এখনো স্থিতিশীল। তবে চাকরি খোঁজার গতি কিছুটা ধীর। বিনিয়োগকারীদের ধারণা, আসন্ন ফেডারেল রিজার্ভ বৈঠকে সুদহার অপরিবর্তিত থাকতে পারে। তবে সেপ্টেম্বরের বৈঠকে তা কমানো হতে পারে।
এদিকে, স্পট সিলভারের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩৮.৯৬ ডলারে নেমেছে। তবে পুরো সপ্তাহজুড়ে এটি বেড়েছে ২ শতাংশ। অন্যদিকে, প্ল্যাটিনামের দাম ০.৮ শতাংশ কমে ১,৩৯৬.৪৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে ১,২১৭.০২ ডলারে লেনদেন হয়েছে।

