রাজধানীর বাজারে সবজি ও মাছের দামে বড় ধরনের পরিবর্তন নেই। কিছু পণ্যের দাম কমেছে, আবার কিছু পণ্যে হালকা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাজারে ঘুরে দেখা গেছে, সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির দাম অনেকটাই স্থিতিশীল। একইসঙ্গে ইলিশসহ কিছু মাছের দামও কমেছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। বরবটি ৬০ টাকা, পটোল ৪০-৫০ টাকা, ধুন্দল ও চিচিঙ্গা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, কচুর মুখি ৪০-৫০ টাকা এবং ঝিঙা ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
কাঁচা আম ৫০ টাকা, কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা এবং পেঁপে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে করলার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা। টমেটো ১২০ টাকা কেজি। ইন্ডিয়ান গাজর ১৪০ টাকা, মুলা ৬০ টাকা এবং দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা।
লেবুর হালি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। ধনেপাতা প্রতি কেজি ৩৫০ টাকা। কাঁচা কলা হালি ৪০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, ক্যাপসিকাম ৪০০ টাকা, কাঁকরোল ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজিতে মিলছে।
শাক-সবজির বাজারেও বড় চমক নেই। লালশাক ১৫ টাকা, লাউশাক ৪০-৫০ টাকা, কলমিশাক ১০ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং ডাঁটাশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি ২৫ থেকে ৩০ টাকা। দেশি পেঁয়াজ ৬০ টাকা, যা কেজিতে ১০ টাকা কমেছে। ইন্ডিয়ান পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দাম নিয়ন্ত্রণে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের ভাষায়, গত বছরের তুলনায় এবারে বাজার তুলনামূলক সহনীয়।
মুরগির বাজারে দেখা গেছে, সোনালি কক মুরগি ৩১০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৮০ টাকা কেজি। লাল লেয়ার ২৮০ টাকা এবং সাদা লেয়ার ২৭০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৬৬০ টাকা কেজি।
গরুর মাংসের দাম স্থির আছে। কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা। গরুর কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা এবং বট বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। খাসির মাংস ১২০০ টাকা কেজি।
গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। বর্তমানে কেজি অনুযায়ী ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ২২০০ টাকায়। চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা, দেশি শিং ৮০০-১০০০ টাকা। রুই মাছ বেড়ে হয়েছে ৩৫০-৫০০ টাকা। দেশি মাগুর ৮০০-১০০০ টাকা, মৃগেল ৩৫০-৪০০ টাকা।
চাষের পাঙাশ ২০০-২৩০ টাকা, চিংড়ি ৮০০-১২০০ টাকা, বোয়াল ৬০০-৮০০ টাকা, বড় কাতল ৪০০-৫৫০ টাকা, পোয়া ৩৫০-৪০০ টাকা এবং পাবদা ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০-২৩০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকা, টেংরা ৬০০-৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে।
এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। হাঁসের ডিম ২২০ টাকা। দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় মিলছে।

