চট্টগ্রাম বন্দর আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে বন্দর পরিদর্শন শেষে এ তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, “১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হলো। আন্তঃমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উপদেষ্টার মতে, ট্যারিফ বাড়ানোর ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে, তবে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানির খরচও বাড়বে।
এসময় তিনি জানান, “সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে চায়। আন্তর্জাতিক মানে নিতে হলে বিদেশি অপারেটরের মাধ্যমে বন্দরের পরিচালনা প্রয়োজন।” তবে তিনি সতর্ক করে বলেন, “এ নিয়ে গুজব বা প্রোপাগান্ডা ছড়ানো উচিত নয়।”
তিনি পরিষ্কার করে বলেন, “বিদেশিদের হাতে বন্দরের পরিচালনার দায়িত্ব দেওয়া হলেও, নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম সরকারের হাতেই থাকবে।”
তিনি আরও জানান, গত ৭ জুলাই সাইপ পাওয়ার টেক থেকে দায়িত্ব সরিয়ে নৌবাহিনীকে এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
এই পরিবর্তনের পর, নিউমুরিং টার্মিনালে কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে প্রায় ১৩ শতাংশ। বর্তমানে প্রতিদিন গড়ে ৩ হাজার ২০০ একক কনটেইনার হ্যান্ডল করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

