স্ট্রিমিং প্ল্যাটফর্মের দুনিয়ায় ইউটিউব এখনো শীর্ষে। প্ল্যাটফর্মটি বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর দিকেও দারুণ অগ্রগতি দেখিয়েছে।
বুধবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট তাদের দ্বিতীয় ত্রৈমাসিক আয় প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, ইউটিউবের বিজ্ঞাপন আয় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮০ কোটি ডলারে। গত বছর একই সময়ে এই আয় ছিল ৮৭০ কোটি ডলার।
প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, ইউটিউবের এই আয় বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। তারা ধারণা করেছিল, দ্বিতীয় প্রান্তিকে ইউটিউবের আয় ৯৬০ কোটি ডলারের আশপাশে থাকবে।
গত কয়েক বছর ধরে ইউটিউব টেলিভিশন বিজ্ঞাপনের বড় একটি অংশ দখলের চেষ্টা করছে। কারণ, স্মার্ট টিভি ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে টিভি স্ক্রিনে ইউটিউবের জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে।
নিলসেনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা তিন মাস টিভি দেখার ক্ষেত্রে ইউটিউব সবচেয়ে বেশি দেখা প্ল্যাটফর্ম ছিল। শুধু যুক্তরাষ্ট্রে মোট টিভি দেখার সময়ের ১২.৪ শতাংশ দখল করেছে ইউটিউব।
ইউটিউবের এই সাফল্যে প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলো। এইচবিও ম্যাক্স, অ্যামাজন প্রাইম ভিডিওসহ অনেকে বিজ্ঞাপন কৌশল জোরদার করতে শুরু করেছে। বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে নতুন পদ্ধতির খোঁজও নিচ্ছে তারা।
বিশেষভাবে নেটফ্লিক্স হয়ে উঠেছে ইউটিউবের বড় প্রতিযোগী। গত সপ্তাহে আয়-সংক্রান্ত এক কনফারেন্সে প্রতিষ্ঠানটি জানায়, তারা বিজ্ঞাপন থেকে দ্বিগুণ আয় করার পরিকল্পনা নিচ্ছে।
নেটফ্লিক্স তাদের বিজ্ঞাপন আয়ের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও প্রযুক্তি পরামর্শক সংস্থা ম্যাডিসন অ্যান্ড ওয়ালের একজন বিশ্লেষক জানিয়েছেন, প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন থেকে প্রায় ৩০০ কোটি ডলার আয় করে থাকতে পারে।
শুধু ইউটিউব নয়, অ্যালফাবেটের সামগ্রিক আয়েও প্রবৃদ্ধি এসেছে। কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে মোট ৯ হাজার ৬৪০ কোটি ডলার আয় করেছে। যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।
বিশ্লেষকরা বলছেন, ইউটিউবের বিজ্ঞাপন সাফল্য ও টিভি স্ক্রিনে আধিপত্য অ্যালফাবেটের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

