দীর্ঘ তিন বছরের আলোচনার পর ভারতের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই করেছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ৬০০ কোটি পাউন্ড বা ৬ বিলিয়ন ব্রিটিশ পাউন্ডের এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্যিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। তাঁর মতে, এই চুক্তির ফলে যুক্তরাজ্যে ২ হাজার ২০০টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আর মোদি এটিকে ‘উভয় দেশের সমৃদ্ধির রূপরেখা’ বলে মন্তব্য করেছেন। চুক্তির ফলে দুই দেশের মধ্যে পণ্য রপ্তানি ও কর্মসংস্থানে বড় সুযোগ তৈরি হয়েছে। ভারতের জন্য যুক্তরাজ্যের বাজার আরও উন্মুক্ত হবে। একইভাবে ব্রিটিশ গাড়ি, ওষুধ ও প্রসাধনসামগ্রীর জন্য ভারতের বাজারে প্রবেশ সহজ হবে।
ভারতের জন্য এই চুক্তির ১০টি বড় সুফল তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া। সেগুলো হলো:
-
শুল্কমুক্ত রপ্তানি সুবিধা: চুক্তি অনুযায়ী, ভারতের ৯৯ শতাংশ রপ্তানি পণ্য এখন যুক্তরাজ্যে শুল্ক ছাড়াই প্রবেশ করবে। এর বিপরীতে ভারতও যুক্তরাজ্যের ৯০ শতাংশ পণ্যের ওপর আমদানি শুল্ক কমাবে। আগামী ১০ বছরের মধ্যে এর ৮৫ শতাংশ পুরোপুরি শুল্কমুক্ত হবে। বিশেষ করে, ভারতের সামুদ্রিক পণ্য, তৈরি পোশাক, রাসায়নিক ও ধাতব পণ্য আগের তুলনায় অনেক সহজে যুক্তরাজ্যের বাজারে পৌঁছাতে পারবে। খাদ্যপণ্যের ক্ষেত্রেও বড় সুবিধা এসেছে। ৯৯.৭ শতাংশ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের শুল্ক তুলে নেওয়া হয়েছে, যা আগে ছিল প্রায় ৭০ শতাংশ পর্যন্ত।
-
দেশে কর্মসংস্থান বাড়বে: রপ্তানি বাড়ার কারণে ভারতের শ্রমনির্ভর খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, সামুদ্রিক পণ্য, গয়না, গাড়ির যন্ত্রাংশ ও জৈব রাসায়নিক খাতে নতুন কাজের সুযোগ তৈরি হবে।
-
কমবে ব্রিটিশ গাড়ির দাম: ব্রিটিশ গাড়ির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০০ শতাংশ থেকে কমে ১০ শতাংশ হবে, যদিও তা নির্দিষ্ট পরিমাণ গাড়ির জন্য প্রযোজ্য হবে। হুইস্কির ক্ষেত্রেও শুল্ক ১৫০ শতাংশ থেকে ধাপে ধাপে কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনা হবে। এতে জাগুয়ার ও ল্যান্ড রোভারের মতো গাড়িগুলো ভারতে কম দামে পাওয়া যাবে।
-
কৃষিপণ্যে শুল্ক ছাড়: চুক্তির ফলে যুক্তরাজ্যে ভারতের কৃষিপণ্যের রপ্তানি ২০ শতাংশের বেশি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। হলুদ, গোলমরিচ, এলাচ, আমের মণ্ড, আচার, ডাল, শাকসবজি, সিরিয়াল ও রেডি-টু-ইট খাদ্যপণ্য এখন শুল্কমুক্তভাবে রপ্তানি করা যাবে। এর ফলে ভারতের কৃষকেরা সরাসরি উপকৃত হবেন।
-
সামুদ্রিক পণ্য রপ্তানিতে সুবিধা: চিংড়ি ও টুনা মাছসহ মাছের খাবার রপ্তানিতে শুল্ক এখন শূন্য হবে, যা আগে ৪.২ থেকে ৮.৫ শতাংশ পর্যন্ত ছিল। যুক্তরাজ্যে প্রায় ৫.৪ বিলিয়ন ডলারের সামুদ্রিক পণ্যের বাজার রয়েছে। এই বাজারে প্রবেশে ভারত বড় সুযোগ পাচ্ছে, বিশেষ করে উপকূলীয় রাজ্যগুলোর জন্য।
-
ভারতীয় ব্র্যান্ডের জন্য বড় বাজার: প্রিমিয়াম পণ্য, কোমল পানীয় ও মসলাজাত পণ্য রপ্তানিতে ভারতীয় ব্র্যান্ডগুলো যুক্তরাজ্যে প্রবেশের ভালো সুযোগ পাবে। এখন যুক্তরাজ্য ভারত থেকে মাত্র ১.৭% কফি, ৫.৬% চা ও ২.৯% মসলা আমদানি করে। নতুন চুক্তিতে ভারতীয় কোম্পানিগুলো ইউরোপীয় প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে পারবে।
-
ওষুধ ও প্রযুক্তি খাতেও সুযোগ: ভারতের উৎপাদিত জেনেরিক ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম যুক্তরাজ্যে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, পরামর্শসেবা, শিক্ষা ও ফিন্যান্স খাতে ভারতীয় কোম্পানিগুলো ব্যবসা করতে পারবে।
-
পেশাজীবীদের জন্য কাজের সুযোগ: এই চুক্তির মাধ্যমে বিভিন্ন পেশার ভারতীয় নাগরিক, যেমন শিক্ষক, রাঁধুনি বা সংগীতজ্ঞেরা যুক্তরাজ্যে দুই বছর কাজের সুযোগ পাবেন, এমনকি সেখানে অফিস না থাকলেও। এটি ৩৫টি খাতে প্রযোজ্য হবে।
-
সামাজিক সুরক্ষা সুবিধা: যেসব ভারতীয় কর্মী যুক্তরাজ্যে তিন বছর কাজ করবেন, তাঁদের সামাজিক নিরাপত্তা তহবিলে দ্বৈত চাঁদা দিতে হবে না। এতে আনুমানিক ৭৫ হাজার ভারতীয় কর্মী উপকৃত হবেন।
-
নারীর ক্ষমতা: নারী উদ্যোক্তাদের জন্য রপ্তানি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। মহারাষ্ট্রের বিখ্যাত কোলাপুরি চপ্পলের মতো পণ্য এখন শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যে রপ্তানি করা যাবে, যা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নেও সহায়ক হবে।

