বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ডিএসইর বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ২০ হাজার ৫০৯ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধনে ২ দশমিক ৯৮ শতাংশ বা ২০ হাজার ৫০৯ কোটি টাকার বৃদ্ধি হয়েছে।
সূচকের দিক থেকে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২৫৯ দশমিক ৫৬ পয়েন্ট বা ৫ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫৩ দশমিক ১১ পয়েন্ট বা ৭ দশমিক ৯১ শতাংশ। ডিএসইএস সূচকও বেড়েছে ৫২ দশমিক ৮৯ পয়েন্ট বা ৪ দশমিক ৭২ শতাংশ। লেনদেনের পরিমাণেও ইতিবাচক বৃদ্ধি দেখা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন ছিল ৩ হাজার ৪০৮ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেনে বাড়তি ৮৮৯ কোটি ১১ লাখ টাকা যোগ হয়েছে।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৮২ লাখ টাকা বা ২৬ দশমিক ০৯ শতাংশ। চলতি সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৮৫৯ কোটি ৪৪ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে এটি ছিল ৬৮১ কোটি ৬২ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টির শেয়ারের দাম বেড়েছে, ১৪৪টির দাম কমেছে এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

