শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়িগুলো অর্থবহভাবে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিটি গাড়ির বাজারমূল্য প্রায় ৮ থেকে ৯ কোটি টাকা। আগের নিলাম প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার বিক্রির জন্য নতুন কার্যকর ব্যবস্থা নিতে যাচ্ছে সংস্থাটি।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম কাস্টমস হাউসে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, “এই দামী গাড়িগুলোর নিলাম থেকে আশানুরূপ ফল পাওয়া যায়নি। ফলে বিকল্প পথ খোঁজা হচ্ছে। কিছু সরকারি প্রতিষ্ঠান বাজারমূল্যের ৬০ শতাংশ দামে এগুলো নিতে আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এসব গাড়ি ফেলে রেখে নষ্ট করতে চাই না।”
দ্বাদশ সংসদ নির্বাচনের পর তৎকালীন সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো আমদানি করেছিলেন। পরে গণআন্দোলনের মুখে সরকার পতনের পর গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর এনবিআর এই শুল্কমুক্ত সুবিধা বাতিল করলে গাড়িগুলো আটকে পড়ে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ৪২টি গাড়ির মধ্যে ২৪টি গত ফেব্রুয়ারিতে নিলামে তোলে। তবে সেগুলোর দর বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম ছিল।
এনবিআর চেয়ারম্যান জানান, বন্দরের জট কমাতে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় ৬ হাজার কনটেইনার নিলামে তোলা হচ্ছে। এরই মধ্যে প্রথম নিলামের ঘোষণা দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতার কাছেই এসব কনটেইনার দেওয়া হবে। বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। এতে সংগঠনের সভাপতি এস এম সাইফুল আলমসহ অন্য নেতারা আমদানি-রপ্তানির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

