চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা তিন অর্থবছর ধরে রাজস্ব ঘাটতি চলছে। ২০২৪–২৫ অর্থবছরে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২১৪ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, কৃষিপণ্য আমদানি বন্ধ, রাজনৈতিক টানাপোড়েন এবং অবকাঠামোগত দুর্বলতা এ অবস্থার মূল কারণ।
কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১২২ কোটি ৪১ লাখ টাকা। তবে আদায় হয়েছে মাত্র ৯০৭ কোটি ৮০ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ১২ শতাংশ কম। পুরো অর্থবছরে শুধু মে মাসেই লক্ষ্যমাত্রা ছাড়ানো সম্ভব হয়েছে। এর আগের দুই অর্থবছরেও ঘাটতির চিত্র একই রকম। ২০২২–২৩ অর্থবছরে ঘাটতি ছিল ৪১৮ কোটি টাকা, আর ২০২৩–২৪ সালে তা দাঁড়ায় ১৬৩ কোটি টাকায়।
বন্দরের ব্যবসায়ীরা বলছেন, পণ্য আমদানি কমে যাওয়ায় ব্যবসা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ফল, পাথর, গুড় ও কৃষিপণ্যের আমদানি অনেকটা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতা ও যোগাযোগ অবকাঠামোর দুর্বলতাও আমদানি-রপ্তানির গতি কমিয়ে দিয়েছে।
এক আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘ডলার সংকটে এলসি খোলা কঠিন হয়ে পড়েছিল। আবার দুই দেশের সম্পর্কও ভাল ছিল না, যার প্রভাব পড়েছে ব্যবসায়। তবে এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করছি।’
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. একরামুল হক বলেন, ‘দুই দেশের সম্পর্ক খারাপ হওয়া এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফল আমদানি বন্ধ থাকায় বড় রাজস্ব ঘাটতি হয়েছে। অন্যদিকে, বেনাপোল দিয়ে ফল আমদানি করলে পরিবহন খরচও কম পড়ে। আবার পেঁয়াজ, আলু ও নারকেলের মতো কৃষিপণ্যের আইপি বন্ধ করেছে সরকার। গুড় এলেও বিএসটিআই পরীক্ষা করতে ৭–৮ দিন সময় নিচ্ছে। এসব কারণেই রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিঅ্যান্ডএফ এজেন্ট বলেন, ‘এখন সোনামসজিদ মূলত পাথরের বন্দর হয়ে দাঁড়িয়েছে। পানামা পোর্টলিংক ও কাস্টমসের অসহযোগিতার কারণে অনেক আমদানিকারক এখান দিয়ে পণ্য আনতে চান না। তাছাড়া অবকাঠামো ও সড়ক যোগাযোগ দুর্বল হওয়ায় বাণিজ্যে ধস নেমেছে।’
সোনামসজিদ কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নুরুল হাসান বলেন, ‘বর্তমান সরকার আমদানিনির্ভরতা কমাতে চাইছে। তাই আলু, পেঁয়াজ ও গুড়ের মতো কৃষিপণ্য আমদানি না হওয়ায় রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। একদিকে রাজস্ব আদায় কমেছে, অন্যদিকে দেশে কৃষিপণ্যের দামও নিয়ন্ত্রণে রয়েছে, ফলে আমদানির প্রয়োজন হয়নি। এটাই রাজস্ব কমার অন্যতম কারণ।’

