পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি ২০২৩-২৪ অর্থবছরে তাদের নিট মুনাফার চেয়েও বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রশ্ন উঠেছে—এগুলো কি কৌশলে বাংলাদেশ থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, এটি এক ধরনের ‘বিনিয়োগ প্রত্যাহার’-এর ইঙ্গিত। তাদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের জন্য ঝুঁকিপূর্ণ।
৯ কোম্পানির ‘মুনাফার চেয়েও বেশি’ লভ্যাংশ: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য বলছে, তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টিই মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ দিয়েছে। এই কোম্পানিগুলোর মোট নিট মুনাফা হয়েছে ৮ হাজার ১৬৭ কোটি ১১ লাখ টাকা। কিন্তু তারা মোট লভ্যাংশ ঘোষণা করেছে ৯ হাজার ৭৯৪ কোটি ৫ লাখ টাকা। মুনাফার চেয়ে বেশি ১ হাজার ৬২৬ কোটি ৯৪ লাখ টাকা লভ্যাংশ ঘোষণা প্রশ্নের জন্ম দিয়েছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘‘পূর্ববর্তী বছরগুলোতে ডলার-সংকটের কারণে বিদেশি কোম্পানিগুলো লভ্যাংশ নিয়ে যেতে পারেনি। এখন সেই সুযোগ কাজে লাগিয়ে একসঙ্গে অর্থ তুলে নিচ্ছে।’’ তিনি আরও জানান, টাকার মান কমেছে প্রায় ৫০ শতাংশ। এতে ভবিষ্যতে আরও অবমূল্যায়ন হলে লভ্যাংশের প্রকৃত মূল্য কমে যাওয়ার আশঙ্কা থেকেই কোম্পানিগুলো এমন সিদ্ধান্ত নিচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রিচার্ড ডি রোজারিও বলেন, ‘‘পুনর্বিনিয়োগ না করে লভ্যাংশ তুলে নেওয়া স্পষ্ট ইঙ্গিত দেয় বাংলাদেশে দীর্ঘমেয়াদি আগ্রহ কমছে।’’ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘‘বাংলাদেশে এখনো ভালো বিনিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু বহুজাতিক কোম্পানিগুলো সেই সুযোগ কাজে লাগাচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা যে আমরা সেই বিনিয়োগ আকর্ষণ করতে পারছি না।’’
এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বলেন, ‘‘বেশি লভ্যাংশ মানেই ভালো আয় নয়। উদাহরণস্বরূপ, ৩০০ টাকার শেয়ারে ৫০ শতাংশ লভ্যাংশে প্রকৃত লাভ তুলনামূলকভাবে কম। এটি মূলত নগদ অর্থ ফেরত নেওয়ার কৌশল।’’
- গ্রামীণফোন: ৩,৬৩০ কোটি টাকার মুনাফার বিপরীতে ৪,৪৫৬ কোটি টাকার লভ্যাংশ।
- ম্যারিকো বাংলাদেশ: ৬১৯ কোটি টাকা লভ্যাংশ।
- লাফার্জহোলসিম: ১১৩ কোটি টাকা।
- রবি, রেকিট বেনকিজার, সিঙ্গার, আরকে সিরামিকস, লিন্ডে বিডি ও ইউনিলিভার—সবাই মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। বিপরীতে বিএটিবিসি, বার্জার পেইন্টস, বাটা শু ও হাইডেলবার্গ সিমেন্ট কিছুটা কম লভ্যাংশ দিয়েছে, তবে সামগ্রিক প্রবণতা প্রায় একই।
ম্যারিকো বাংলাদেশের কোম্পানি সচিব শাহিনুল ইসলাম বলেন, ‘‘আমাদের ঘোষিত লভ্যাংশ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোম্পানির রিটেইন্ড আর্নিংস ও তারল্য পর্যাপ্ত আছে।’’ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, ‘‘পুনর্বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণ কোম্পানির নিজস্ব সিদ্ধান্ত। নিয়ন্ত্রক সংস্থা সেখানে হস্তক্ষেপ করে না।’’ বাংলাদেশে যদি প্রবৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা থাকে, তাহলে কেন কোম্পানিগুলো বিনিয়োগ বাড়াচ্ছে না? বরং কি শুধু লাভ তুলে নেওয়ার ক্ষেত্র হিসেবে দেখছে তারা?

