২০৩০ সালের মধ্যে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা শিল্প থেকে সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নবম বাংলাদেশ চামড়া ও জুতা শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, “চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাত। এ খাত শুধু অর্থনীতিতে অবদান রাখছে না, লাখো মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করছে। এখানে মূল্য সংযোজনের সুযোগ অনেক বেশি, পাশাপাশি রয়েছে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজের বিশাল সম্ভাবনা।” তিনি আরও বলেন, “পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয় হলে চামড়া শিল্প আরও এগিয়ে যাবে। ২০৩০ সালের মধ্যে এই শিল্পে ৩৫ থেকে ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।”
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই তিনি মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের প্রতি গভীর শোক জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় ১৪টি দেশের ১৪৮টি স্টল রয়েছে। যেখানে আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্য, যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। আজ শনিবার (২৬ জুলাই) এ মেলার সমাপ্তি হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহিন আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, বিটিএ মহাসচিব মিজানুর রহমান এবং মোহাম্মদ আলী বাপ্পী। মেলায় বিটিএর সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে রয়েছে লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি এবং লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস।

