দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতিবিদ ও ফিন্যান্স বিশেষজ্ঞ অধ্যাপক এম জুবায়দুর রহমান। তিনি একসময় বিশ্ব ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
গত বুধবার (২৩ জুলাই) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্যাংকটির বোর্ডে মনোনীত করেন। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি।
নতুন চেয়ারম্যান জুবায়দুর রহমান, বিদায়ী চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হয়েছেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হলে মাসুদ ১৭ জুলাই পদত্যাগ করেন।
অধ্যাপক জুবায়দুর রহমানের পেশাগত জীবন শুরু হয় ১৯৭৫ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক অঙ্গনে তার অবদানও উল্লেখযোগ্য। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ও ইউনিভার্সিটি অব ইলিনয় (আরবানা শ্যাম্পেইন), ইতালির ইউনিভার্সিটি অব বোকোনি এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন। এসব প্রতিষ্ঠানে তিনি ভিজিটিং স্কলার হিসেবেও কাজ করেন।
তিনি ঢাকায় প্রতিষ্ঠিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য। দীর্ঘ সময় বিশ্ব ব্যাংকে কর্মরত থাকাকালে তিনি বিভিন্ন উন্নয়নশীল দেশের সরকার ও বেসরকারি খাতে উপদেষ্টা হিসেবে কৌশলগত পরামর্শ দেন। বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামে একটি বৈশ্বিক কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন, যার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে শক্তিশালী করা।
ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জুবায়দুর রহমান করপোরেট গভর্ন্যান্স, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় দক্ষ। বিশেষ করে, প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানো ও পরিবর্তন ব্যবস্থাপনায় তিনি বিশেষজ্ঞ হিসেবে খ্যাত। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলোয়েটের পরিচালনায় তিনি রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন। এসব দেশে বাজার অর্থনীতির বিকাশে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

