বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। যদিও সংস্থাটি শুরুর দিকে ১৮ বিলিয়ন ডলারের একটি প্রাথমিক হিসাব দিয়েছিল।
আজ শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’–এর প্রকাশনা ও আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজেই। প্রধান অতিথি ছিলেন ড. সালেহ উদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, “গত বছরের আগস্টে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতির যে অবস্থা ছিল, তা বিশ্বে বিরল। ব্যাংক খাত থেকে ৮০ শতাংশ অর্থ তুলে নেওয়া হয়েছে। ব্যাংকের আউটস্ট্যান্ডিং যদি ২০ হাজার কোটি টাকা হয়, তাহলে এর মধ্যে ১৬ হাজার কোটি টাকাই নিয়ে গেছে।” তিনি বলেন, “ভালো কোনো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইন লঙ্ঘিত হয়েছে, নিয়মকানুন ভেঙে দেওয়া হয়েছে। অথচ যাদের দ্বারা এই অনিয়ম হয়েছে, সেই মানুষগুলো এখনো বহাল তবিয়তে আছে। কেউ বলেন, সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটাও সম্ভব না। তাই কখনো ধমক, কখনো স্নেহ দিয়ে কাজ করাতে হচ্ছে।”
সুশাসনের অভাবের কথাও তুলে ধরেন ড. সালেহ উদ্দিন। তিনি বলেন, “সুশাসন কায়েম করা খুব কঠিন। প্রধানমন্ত্রী বা সংসদ সদস্যদের ক্ষমতার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এসব জায়গায় সংস্কার না হলে, অন্য সংস্কার কোনো কাজে আসবে না। এমনকি রাজনৈতিক দলগুলোর মাঝেও সংস্কার প্রয়োজন।”

